পায়েল মুখার্জী : ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ পেয়েও ভারতে না আসার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আক্রমণ করলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সিদ্ধান্তকে অপরিণত বলে কটাক্ষ করার পাশাপাশি তাঁর দাবি, দীর্ঘমেয়াদি কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনা না করে বিদেশনীতি নির্ধারণ করলে বাংলাদেশেরই ক্ষতি হতে পারে।
গত ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে আয়োজিত হয়েছিল ব্রিক্স সম্মেলন। ভারত, চিন ও রাশিয়ার মতো শক্তিধর দেশগুলির এই জোটে বাংলাদেশ সদস্য নয়। তবে বিমসটেকের চেয়ারপার্সন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ পর্বে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। তা সত্ত্বেও তারেক দিল্লিতে আসেননি। বাংলাদেশের তরফে কোনও প্রতিনিধিও পাঠানো হয়নি।
এই সিদ্ধান্তের পিছনে ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে ঘিরে দুই দেশের কূটনৈতিক টানাপড়েন রয়েছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে কোনও দেশের তরফেই সরকারি ভাবে কিছু জানানো হয়নি। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন, শুধুমাত্র কোনও ব্যক্তিকে কেন্দ্র করে বা রাজনৈতিক সংবেদনশীলতার কারণে দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচালনা করা উচিত নয়।
হাসিনার মতে, ব্রিক্সের মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণের ফলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হতে পারত। সেই সুযোগ হাতছাড়া করে তারেক সরকার দেশের স্বার্থকেই ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ তাঁর। তাঁর বক্তব্য, দায়িত্বশীল সরকারের কাজ আন্তর্জাতিক সহযোগিতার পথ প্রশস্ত করা, নতুন সম্ভাবনার দরজা বন্ধ করে দেওয়া নয়।
উল্লেখ্য, ২০২৪ সালের অগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন হাসিনা। তার পর থেকে তিনি ভারতেই রয়েছেন। সম্প্রতি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে দেশে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
চলতি বছরের শুরুতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর দিল্লি-ঢাকা সম্পর্কের উন্নতির ইঙ্গিত মিলেছিল। কিন্তু ব্রিক্স সম্মেলন নিয়ে হাসিনার সাম্প্রতিক মন্তব্যে দুই দেশের কূটনৈতিক সমীকরণ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
