নিজস্ব প্রতিনিধি: জাতীয়তাবাদী আবেগে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত কেষ্টপুর। ভারত মাতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে ঘিরে ধরে বেধড়ক মারধর করলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে কেষ্টপুরের তিন নম্বর বস্তি এলাকায়। অভিযুক্তের নাম এনামুল মোল্লা। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়ায়। তাঁকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।
ঘটনার সূত্রপাত সম্প্রতি অরেঞ্জ বাস পরিষেবা শুরুর দিন। সেই উপলক্ষে উপস্থিত সাধারণ মানুষের একাংশ যখন ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে মুখর, তখনই এনামুল ভারত মাতা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। (যদিও ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ভবানীপুর টাইমস) জাতীয়তাবোধ ও দেশাত্মবোধের সঙ্গে জড়িত এই স্লোগানকে অমর্যাদা হতে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। স্বাভাবিকভাবেই তৈরি হয় বিতর্ক।
শনিবার কেষ্টপুরের তিন নম্বর এলাকায় অভিযুক্তকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ভাইরাল ভিডিয়োর সূত্র ধরে তাঁকে শনাক্ত করার পরই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এরপরই কয়েকজন তাঁকে ঘিরে ধরে মারধর করেন। বাংলার মাটিতে ভারত মাতার আবেগ, জাতীয় পতাকা কিংবা দেশাত্মবোধের প্রশ্ন বারবার রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এসেছে। অতীতে তৃণমূল সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদী আবেগকে যথাযথ গুরুত্ব না দেওয়ার অভিযোগও তুলেছে বিরোধীরা। সেই রাজনৈতিক বিতর্কের রেশ কি এখনও সমাজের একাংশের মানসিকতায় রয়ে গিয়েছে? কেষ্টপুরের ঘটনাকে ঘিরে সেই প্রশ্নও সামনে আসছে। ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করে গোটা ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
