নিজস্ব প্রতিনিধি: বিচারপতিদের নিয়ে সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার মতো গুরুতর অভিযোগে এবার আইনি জটিলতায় জড়িয়ে গেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। সোজা কথায় আদালত অবমাননার অভিযোগে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে শোকজ করেছে উচ্চ আদালত। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে জবাব দিতে হবে, অন্যথায় তাঁর বিরুদ্ধে বড়সড় আইনি পদক্ষেপ করা হতে পারে বলেই আইনজীবীদের বক্তব্য। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী ৮ ডিসেম্বর।
ঘটনার সূত্রপাত গত ৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্ট ঘিরে। তাঁর কালীঘাটের বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের আনাগোনা, বাড়ি লক্ষ্য করে ছোটখাটো হামলার ঘটনা প্রসঙ্গে অভিষেক তাঁর সোশ্যাল মিডিয়ার এক্স হ্যন্ডলে একটি পোস্ট দিয়েছিলেন। তাতে তিনি হাই কোর্ট, সুপ্রিম কোর্টকে নীরব দর্শক বলে উল্লেখ করেছিলেন। অভিষেকের বক্তব্য ছিল, বিচার ব্যবস্থার একপেশে আচরণের কারণেই চারদিকে রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে। এমনকি তিনি বিচারপতিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। আবার সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক। একজন সাংসদ হিসেবে তিনি কিভাবে এই ধরণের মন্তব্য করেন সেটা নিয়েই মামলা।
এদিন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য আদালতে অভিষেকের একটি সাক্ষাৎকারের কথা তুলে ধরেন। দাবি করেন, ওই সাক্ষাৎকার আদালত অবমাননার শামিল। বিচারপতিও তাঁর পর্যবেক্ষণে জানান, বিচারপ্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টা করেছেন অভিষেক। প্রসঙ্গত, এর আগের শুনানিতেই বোঝা গিয়েছিল এই মামলায় কড়া মনোভাব নিতে চলেছে হাই কোর্ট। গত বৃহস্পতিবার মামলার শুনানি চলাকালীন বিচারপতি কৃষ্ণ রাও প্রশ্ন তোলেন, “কোন কোন বিচারক বিজেপির এবং কারা অন্য দলের সঙ্গে যুক্ত, তার একটা তালিকা দিন অভিষেক। এবারতাঁর বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এ ধরনের কথা বলতে পারেন না বলেও স্পষ্ট জানিয়ে দেয় আদালত।
