নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি নির্বাচন সম্পন্ন হয়েছে ইজরায়েলে। সেই নির্বাচনে কোনও রাজনৈতিক দলই সরকার গঠনের জন্য সংখ্য়াগরিষ্ঠতা পায়নি। এমনকি ইজরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটও ব্যর্থ। ১২০ আসনের নেসেটে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অথচ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১টি আসন। আগের নির্বাচনে তাঁর দল পেয়েছিল ৬৮টি আসন। এবারের নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। পাশাপাশি ইজরায়েলের আরব দলগুলি পেয়েছে বাকি ১৯টি আসন। ফলে ত্রিশঙ্কু অবস্থায় ঝুলছে ইজরায়েলের ভাগ্য। এরমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে নেতানিয়াহুকে হঠাতে কি এবার মুসলিমপন্থী আরব দলগুলির সমর্থন নিয়ে কি এবার বিরোধী আইজেনকোটের নেতৃত্বাধীন জোট সরকার গঠনের জন্য ঝাঁপাবে?
বিভিন্ন সূত্র দাবি করছে, ইজরায়েলে সব পক্ষই সরকার গঠনের জন্য ঝাঁপানোর প্রস্তুতি নিচ্ছে। তবে নেতানিয়াহুর জোট এবং গাদি আইজেনকোট কোনও ভাবেই মুসলিমপন্থী আরব দলগুলির সমর্থন নিয়ে সরকার গঠন করবে না। ইজ়রায়েলের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিরোধী নেতা গাদি আইজেনকোটের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা খোলা রাখছেন বেঞ্জামিন নেতানিয়াহু। কারণ, বিরোধী জোট ও আরব দলগুলি একসঙ্গে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে, কিন্তু তাঁরা আদৌ এ বিষয়ে রাজি হবে না বলেই দাবি কয়েকটি সংবাদমাধ্যমের। তবে এটাও জানা যাচ্ছে, বিরোধী জোটের প্রধান গাদি আইজেনকোট ইতিমধ্যেই অন্য দুই দলের নেতা নাফতালি বেনেট এবং আভিগডর লিবারম্যানের সঙ্গে যোগাযোগ করছেন। অপরদিকে লিকুদ দলের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ ব্যক্তিরা মনসুর আব্বাসের রা'আম পার্টির সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। কিন্তু নেতানিয়াহু শেষ পর্যন্ত বিরোধী জোট আইজেনকোটের সমর্থনে সরকার গড়লেও আশ্চর্য হওয়ার কোনও বিষয় নেই বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
