নিজস্ব প্রতিনিধি: বিজেপির জন্ম হওয়ার পর থেকে গত সাড়ে চার দশকে তাঁদের কোনও শ্রমিক সংগঠন ছিল না। এমনকি তাঁদের কোনও ছাত্র সংগঠনও নেই। এটা বিজেপির নীতিগত সিদ্ধান্তই ছিল। দীর্ঘ ৪৬ বছরের সেই নীতি বদলে এবার নিজেদের শ্রমিক সংগঠন খুলে ফেলল বিজেপি। আর সেই সংগঠনের যাত্রা শুরু হল কলকাতা থেকেই। শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিকাকর্মীদের জন্য চালু হল বিজেপির শ্রমিক সংগঠন। সংগঠনের নাম রাখা হয়েছে ‘এনএসসিবিআই এয়ারপোর্ট কনট্রাক্টরস ওয়ার্কার্স মোর্চা’। তবে কেন্দ্রীয়ভাবে তাঁদের শ্রমিক সংগঠনের নাম এখনও ঠিক করেনি বিজেপি নেতৃত্ব। তবে জানানো হয়েছে অঞ্চলভিত্তিক নাম ঠিক করা হবে। দেখা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া পেজে একে ‘বিজেপি ট্রেড ইউনিয়ন সেল’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
রাজনৈতিক দল হিসেবে বিজেপির নিজস্ব কোনও শ্রমিক, ছাত্র সংগঠন ছিল না। এর কারণ হিসেবে বিজেপির শীর্ষ নেতৃত্ব বরাবরই বলে থাকেন এটা তাঁদের নীতিগত সিদ্ধান্ত। তবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি দেশব্যাপী বিজেপির সহযোগী ছাত্র সংগঠন হিসেবে কাজ করে। তেমনই আরএসএসের শ্রমিক শাখা ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস বিজেপির সহযোগী শ্রমিক সংগঠন হিসেবে কাজ করছিল। এবার নীতি বদলে ফেলে শনিবার নিজস্ব শ্রমিক সংগঠনের ঘোষণা করে দিল বিজেপি।
বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, তাঁদের শ্রমিক সংগঠন “দেশের জন্য কাজ করব, কাজের জন্য প্রাপ্য অর্থ নেব— এই অবস্থান নিয়েই কাজ করবে। এদিন নতুন শ্রমিক সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে শমীক ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলও। আজকের দিনকে ঐতিহাসিক দিন বর্ণনা করে সুনীল বনসল বলেন, “অফিশিয়ালি বিজেপির প্রথম শ্রমিক সংগঠনের সূচনা হচ্ছে এই বিমানবন্দরে। আগামী দিনে আমাদের শ্রমিক সংগঠন অন্য জায়গাতেও শুরু হবে”।
