নিজস্ব প্রতিনিধি: সেই ২০১৮ সাল থেকে সরকারিভাবে এই রাজ্যে বেসরকারি বাসের ভাড়া বাড়েনি। মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কোনও ভাবেই গণপরিবহণের ভাড়া বৃদ্ধিতে সায় দেননি। ফলে লাগাতার আর্থিক লোকসানের মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের। তাঁদের দাবি, এর জেরে রাজ্যের গণপরিবহণ ব্যবস্থার একটা বড় ভরসা কার্যত কোমায় চলে গেছে। এর থেকে উদ্ধার হতে রাজ্যের বাস মালিক সংগঠনগুলি এবার নতুন সরকারের দ্বারস্থ হয়েছে। জানা গিয়েছে, ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস’ ইতিমধ্যেই বাস ভাড়া পুনর্নির্ধারণের আর্জি জানিয়েছে রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংকে চিঠি দিয়েছে। ওই চিঠিতে কলকাতায় বেসরকারি বাসের নুন্যতম ভাড়া ১৮ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।
জানা গিয়েছে ওই চিঠিতে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্য়ায় উল্লেখ করেছেন, রাজ্যে একাধিকবার পরিবহণমন্ত্রী বদল হলেও বাসভাড়া বৃদ্ধির দাবি নিয়ে কেউ উচ্চবাচ্য করেননি। কিন্তু ঘনঘন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বাস রক্ষণাবেক্ষণের খরচ বৃদ্ধির জেরে তাঁদের অবস্থা ক্রমশ করুণ হয়ে গিয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ৯ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপিও তাঁর জমা দিয়েছিলেন পরিবহণ দফতরে। সেই সময়ই পরিবহণমন্ত্রী অর্জুন সিং তাঁদের আশ্বস্ত করেছিলেন বলে জানানো হয়েছে। সেই মোতাবেক এদিনের চিঠিতে সংগঠনের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব জমা দেওয়া হল।
প্রস্তাব অনুযায়ী, কলকাতায় সাধারণ বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১৮ টাকা করার আর্জি জানানো হয়েছে। এর পর ৪ থেকে ৬ কিলোমিটারে ২০ টাকা, ৬ থেকে ৮ কিলোমিটারে ২২ টাকা, ৮ থেকে ১২ কিলোমিটারে ২৪ টাকা, ১২ থেকে ১৬ কিলিমিটারে ২৬ টাকা, ১৬ থেকে ২০ কিলোমিটারে ২৮ টাকা এবং ২০ থেকে ২২ কিলোমিটারে ৩০ টাকা ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি এক্সপ্রেস বাসে প্রথম ৪ কিলিমিটারে ২৫ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ১ টাকা ৫০ পয়সা, সাধারণ এসি বাসে প্রথম ৪ কিলোমিটারে ৪০ টাকা এবং ভলভো বাসে প্রথম ২ কিলোমিটারে ৫০ টাকা ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন দেখার রাজ্যের পরিবহণমন্ত্রী এ বিষয়ে কি সিদ্ধান্ত নেন। পরিবহণ দফতরে সূত্রে জানা যাচ্ছে, সরকারিভাবে ভাড়া বৃদ্ধি না হলেও বেসরকারিভাবে বাস মালিকরা বেশি ভাড়া নিচ্ছেন। তাই সবদিক বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
