নিজস্ব প্রতিনিধি: প্রতিবাদ করার অধিকার আছে বলে কোনও জায়গা দিনের পর দিন দখল করে রাখা যায় না! মঙ্গলবার দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভ কর্মসূচির জেরে ব্যবসায়ীদের ক্ষতির অভিযোগ সংক্রান্ত মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ দেশের সর্বোচ্চ আদালতের। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‘প্রতিবাদ ও ব্যবসা করার অধিকার— দু’টোই গুরুত্বপূর্ণ। আপনি অনির্দিষ্টকালের জন্য একটি জায়গা দখল করে রাখতে পারেন না। অন্য প্রতিবাদীরাও আছেন। কৃষক, ব্যবসায়ী বা আইনজীবীরা কোথায় যাবেন? প্রতিবাদ করার অধিকার সকলের আছে!’’
প্রসঙ্গত ভোট চুরি এবং মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে দিল্লির যন্তর মন্তর-সহ একাধিক এলাকায় লাগাতার ধর্ণা, মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিরোধী রাজনৈতিক দলগুলি এবং ককরোচ জনতা পার্টির সমর্থকরা। এর জেরে দীপাবলির আগে দিল্লির ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি। ইতিমধ্যেই দিল্লির ব্যবসায়ী সংগঠনগুলি জানিয়েছে গত ১ নভেম্বর রামলীলা ময়দানে ইন্ডি জোটের কর্মসূচির জেরেই ব্যবাসায়ীদের ক্ষতি হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা। তাঁরাই সুপ্রিম কোর্টে মামলা করেছিল। উৎসবের মরসুমে তাঁদের ব্যবসায় ক্ষতি, দোকানপাট বন্ধ থাকার বিষয়গুলি নিয়েই মামলা হয়েছে মূলত।
মঙ্গলবার শুনানির শুরুতেই দিল্লির ব্যবসায়ীদের পক্ষে আইনজীবী মুকুল রোহতগি আদালতকে বলেন, ‘‘উৎসবের মরসুমে এ ভাবে দিনের পর দিন দোকান বন্ধ থাকলে ব্যবসার ক্ষতি হয়’’। কারণ বিক্ষোভ-কর্মসূচির কারণে দিল্লি পুলিশ কিছু জায়গায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করে পুলিশ। ফলে ওই এলাকাগুলিতে দোকানপাট বন্ধ রাখতে হয়। অপরদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, আন্দোলনের ডাক যিনি বা যাঁরা দেবেন, তাঁদেরই সেই কর্মকাণ্ডের সমস্ত পরিণতির দায় নিতে হবে। এই সাওয়াল জবাবে মাঝেই প্রধান বিচারপতি বলেন, “আপনারা দিনের পর দিন কোনও জায়গা দখল করে বসে থাকতে পারেন না। আরও অনেক প্রতিবাদী রয়েছেন। কৃষক বা আইনজীবীরা কোথায় যাবেন? প্রতিবাদ করার অধিকার সবারই রয়েছে”। যদিও এই মামলার রায় এখনও আসেনি, তবে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইনজ্ঞ মহল।
