নিজস্ব প্রতিনিধি: একদিন আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। এবার তাঁকে দিল্লিতে গিয়ে রাজনীতি করতে বললেন। শুক্রবার শুভেন্দু অধিকারী দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে গণতন্ত্র বাঁচাও সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, ‘‘আপনি রামলীলা ময়দানে যান, পশ্চিমবঙ্গে আর কিছু হবে না’’। উল্লেখ্য, আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বিরোধী ইন্ডি জোটের মেগা সমাবেশ হওয়ার কথা। ওই সমাবেশে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বক্তাদের তালিকাতেও তাঁর নাম রয়েছে। বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে জনসভা থেকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। ডায়মন্ড হারবারের নাম নিয়েই তিনি বলেন, ‘‘অভিষেক, তুমি ভোটে দাঁড়ালেই হারাব। তুমি যত ভোটে জিতেছ, তার থেকে এক ভোট বেশি হলেও হারাব’’।
এদিন মুখ্যমন্ত্রী অনেকটাই আক্রমনাত্মক ছিলেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকে পরপর দুবার হারানোর কথা স্মরণ করিয়ে তিনি বলেন, একবার নন্দীগ্রাম, আরেকবার ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়কে পরপর দুবার হারিয়েছি। আবার ভোটে দাঁড়ালে আবার হারাবো। অপরদিকে সিপিএমের সঙ্গে তৃণমূলের ‘সেটিং’ তত্ত্ব নিয়েও এদিন কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বেবি (সিপিএম সাধারণ সম্পাদক) আর আন্টি (মমতা বন্দ্যোপাধ্যায়) এখন একসঙ্গে চা খাচ্ছেন। শুভেন্দুর কথায়, একটা সময় সিপিএমের অত্যাচার থেকে রাজ্যবাসীকে বাঁচাতে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। এখন সেই তৃণমূলই সিপিএমের সঙ্গে দোস্তি করছে। এরপরই মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, অভিষেককে ‘এঁচোড়ের পাকা ভাইপো’ বলে কটাক্ষ করে শুভেন্দু প্রশ্ন তোলেন, সাংসদ কোথায়?
পাশাপাশি ইন্দ্রনীলের গ্রেফতারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‘আপনাদের মনে প্রশ্ন আছে, বড় চোরটা কবে যাবে। সময়টা একটু দেখে সব ঠিকঠাক করে করতে হয়। বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই’’। এদিন মুখ্যমন্ত্রীর আক্রমনাত্মক বক্তব্যের পর বাংলার রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তাহলে কি এবার তাঁর সরকার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী কারও নাম না নিলেও রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে বড় চোর বলতে তিনি তৃণমূলের দুই সর্বোচ্চ নেতাকেই বোঝাতে চেয়েছেন।
