নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার সাগরমেলায় গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একতরফাভাবে মুড়িগঙ্গার ওপর ব্রিজের শিলান্যাস করেছিলেন। তখনই প্রশ্ন উঠেছিল কেন্দ্রের সাহায্য ছাড়া এই বিশাল খরচ কিভাবে সামাল দেবে রাজ্য সরকার। তৎকালীন বিরোধী দল বিজেপি দাবি করেছিল কোনও পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি ওই ব্রিজের শিলান্যাস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয়, রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। এরপরই গঙ্গাসাগর নিয়ে নতুন করে পরিকল্পনা সাজায় শুভেন্দু অধিকারীর সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঝটিকা সফরে দিল্লি যান। সেখানে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন।
রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী রাজ্যের জন্য একাধিক রেলপ্রকল্প নিয়ে আশার কথা শোনালেন। তিনি জানান, রাজ্যের আরও ১৯টি রেল প্রকল্প ইতিমধ্যেই রেলওয়ে বোর্ডের অনুমোদন পেয়েছে। রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় এনওসি-ও দেওয়া হয়েছে। আগামী কেন্দ্রীয় বাজেটে এই ১৯টি রেল প্রকল্পের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করার আবেদন জানিয়েছেন শুভেন্দু। তবে এদিন সবচেয়ে যে চমকপ্রদ বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে তা হল গঙ্গাসাগর পর্যন্ত রেল সংযোগ স্থাপন। সে খবর জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম একটি আন্তর্জাতিক তীর্থক্ষেত্র। সেখানে রেল পরিষেবা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ম্যাপ ও পরিকল্পনা তৈরি করে ফেলেছে রেল মন্ত্রক। প্রকল্পটি বাস্তবায়িত করতে আনুমানিক ৪ হাজার কোটি টাকা খরচ হতে পারে। দ্রুত সমীক্ষার কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। শুভেন্দু আরও জানান, তাঁর আবেদনে সাড়া দিয়ে রেলমন্ত্রী নন্দীগ্রামের একাংশে অবিলম্বে রেল পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন।
