নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'বিজেপি ক্ষমতায় এলে কোনও অপরাধী ছাড় পাবে না, সকালে জমা বিকেলে খরচ হবে'। চলতি বছরের ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা যায় রাজ্যে ঐতিহাসিক পালাবদল হয়েছে। মুখ্যমন্ত্রী হয়েছেন সেই শুভেন্দু অধিকারীই। তারপর বাংলা দেখছে রাজ্যের পুলিশ প্রশাসনেও দৃশ্যমান বদল হয়েছে। গত ৬ মাসে শুভেন্দু অধিকারী তাঁর কথা কাজে পরিণত করেছেন। ইতিমধ্যেই পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটে গিয়েছে বিগত ছয় মাসে। যা আগে কখনও হয়ছে বলে মনে করতে পারছেন না অপরাধ বিশেজ্ঞরাও। তবে রবিবার রাতে পঞ্চম এনকাউন্টারের পর শুভেন্দু অধিকারীর আরও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বাংলায় ধর্ষক, খুনী, অপরাধীদের কোনও জায়গা নেই। পুলিশকে গুলি করলে যা করা উচিৎ সেটাই করবে। এরপরই তাঁর বক্তব্য, ভাগো বাংলাদেশ ভাগো... সব গুণ্ডারা বাংলাদেশ পালাও। এখানে থাকলে যা করার তাই করবো।
বদলের বাংলায় একের পর এক এনকাউন্টার নিয়ে যতই রাজনৈতিক চাপানউতর চলুক না কেন, এক শ্রেণির মানুষ কিন্তু এটাকে সমর্থনও করছেন। শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত রবিবার ধরা পড়েছে বলে খবর আসতেই প্রমাদ গুণছিলেন অনেকে। কয়েক ঘণ্টার মধ্যেই এল সেই খবর, বীরভূমের নানুরে এনকাউন্টারে মৃত মূল অভিযুক্ত রতন শেখ। এরপরই প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, পুলিশকে গুলি করলে পুলিশ কী বাতাসা খাওয়াবে! তারপরই আগের মতোই স্মরণ করিয়ে দেন. এই বাংলায় ধর্ষক, খুনিদের কোনও জাগয়া নেই। পুলিশকে সম্পূর্ণ খোলা হাত দেওয়া হয়েছে। যা সিদ্ধান্ত নেওয়ার পুলিশ অনস্পট নেবে। অর্থাৎ, মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন এই বাংলায় গুরুতর অপরাধীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে পুলিশ। তাই যারা অপরাধী তাঁরা হয় অপরাধ ছেড়ে দিন, না হলে বাংলাদেশ পালিয়ে যান। দাগী অপরাধীদেরই পরোক্ষে পরামর্শ দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
