নিজস্ব প্রতিনিধি: ২০০৭ সালের ১০ নভেম্বরে হওয়া পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ঘটে যাওয়া সেই হাড়হিম করা ঘটনা মঙ্গলবার নন্দীগ্রাম দিবসে স্মরণ করলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে জানিয়ে দিলেন, সিআইডি তদন্ত করলেও বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। অপরাধীদের শাস্তি হয়নি। নতুন করে এফআইআর হবে। তৎকালীন বাম শাসকের ‘অপারেশন সূর্যোদয়’-এর পর রক্তে ভেজা নন্দীগ্রামের ইতিহাস এদিন মনে করিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একযোগে সিপিএম ও তৃণমূলকে বিঁধলেন। সেইসঙ্গে নন্দীগ্রামবাসীর উদ্দেশে বললেন, ‘‘আমি সেদিনও আপনাদের ছিলাম, আজও আছি। কিন্তু চোর তৃণমূলকে আর পাবেন না। ওদের জমানায় ডেথ সার্টিফিকেটগুলো পর্যন্ত দেওয়া হয়নি”।
২০০৭ সালের ১০ নভেম্বর তৎকালীন বাম সরকারের আমলে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত মিছিল করছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা ওই মিছিলে সশস্ত্র হামলা চালিয়েছিল। পরবর্তী সময় বাম নেতাদের মুখে ওই ঘটনা ‘অপারেশন সূর্যোদয়’ আখ্যা পায়। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর ওই দিনটি নন্দীগ্রাম দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর আলাদা করে কর্মসূচির ডাক দিতেন। এবার মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার নন্দীগ্রামের মাটিতে পালন করলেন শহীদ দিবস। এদিন মুখ্যমন্ত্রী অভিষোগ করে বলেন, ১৯ বছর আগের ওই ঘটনার এখনও বিচার হয়নি। এরপরই সেদিনের নৃশংসতার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘‘মোট ১১ জনকে পিছমোড়া করে নিয়ে গিয়েছিল। বারাতলা অঞ্চলে গ্রাম পঞ্চায়েত অফিসে রেখে দিয়েছিল। তার পর জ্যান্ত লোকগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল কামারদায়। সেখানে সিপিএমের অফিসে তাঁদের পিস পিস করে কাটা হয়। পরের দিন ব্যাগে ঢুকিয়ে মাঝসাগরে, ‘ডিপ সি’-তে ফেলে দেওয়া হয়’’।
শুভেন্দু আরও বলেন, ‘‘পরবর্তী সময়ে সিআইডি তদন্ত হয়েছে। লক্ষ্মণ শেঠ ১৮১ দিন জেল খাটেন। কিন্তু বিচার সম্পূর্ণ হয়নি’’। এরপরেই ননন্দীগ্রাম মামলার ফাইল খোলার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ওই পর্বের বিচার করবে তাঁর সরকার। এদিন তৃণমূল কংগ্রেসকেও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনেকটা কটাক্ষের সুরেই তিনি বলেন, ‘‘আমি গত বছর বলেছিলাম, ’২৬ সালে আমি এবং আমরা আবার আসব। কিন্তু চোর তৃণমূলকে আর পাবেন না। আমার কথা মিলেছে তো?’’ এরপরই তিনি বলেন, এটাও আজকের দাঁড়িয়ে বলে গেলাম, আগামী ১০০ বছরে এদের আর দেখতে পাবেন না। রেকর্ড করে রেখে দিন।
