নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে ইতিমধ্যেই দুটি ঘূর্ণিঝড়ের সাক্ষী থেকেছে অন্ধ্রপ্রদেশের মানুষ। ফের একবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি দেখা দিয়েছে। তবে এবার কোথায় আছড়ে পড়তে চলেছে সেটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। যদিও আবহবিদদের একাংশ মনে করছেন ফের অন্ধ্র উপকূলেই হানা দেবে ঘূর্ণিঝড়টি। দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে ঘূর্ণিঝড় আকভান। ইতিমধ্যেই সেটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। যেটি ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘীরে ধীরে এগোচ্ছে উপকূলভাগের দিকে। আগামী ১৯ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার যে কোনও সময় সেটি আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমের কাছে। প্রশ্ন উঠছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কি এই বঙ্গে পড়বে?
বঙ্গোপসাগরে তৈরি হওয়া সিস্টেমটির দিকে কড়া নজর রাখছে আলিপুর হাওয়া অফিস। জানানো হয়েছে, এর প্রভাব সরাসরি না পড়লেও পরোক্ষ প্রভাব পড়তেই পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায়। এ রাজ্যে আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ার কিছু এলাকায় বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলেই অভিমত আবহবিদদের।
