নিজস্ব প্রতিনিধি: ডায়মন্ড হারবার রোডে যানজট মুক্ত করতে উদ্যোগী হয়েছিলেন নবনির্বাচিত চার বিজেপি বিধায়ক। ডায়মন্ড হারবার রোডকে জোকা থেকে সাগর পর্যন্ত ছয় কিংবা চার লেনে সম্প্রসারণের প্রস্তাব কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ির কাছেও পাঠিয়েছিলেন চার বিজেপি বিধায়ক। সূত্রের খবর, সেই প্রস্তাবে সাড়া দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডিটেলস প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ফলে গঙ্গাসাগর মেলার আগে সাগরবাসী এবং কয়েক লক্ষ পূণ্যার্থীদের জন্য সুখবর এল বলা যায়।
গঙ্গাসাগর যাত্রা আরও সুগম করতে জোকা থেকে সাগরদ্বীপ পর্যন্ত ডায়মন্ড হারবার রোড সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর। সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল, ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা, সাতগাছিয়ার বিধায়ক অগ্নিশ্বর নস্কর এবং বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর সিকদার সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ীর সঙ্গে দেখা করে ডায়মন্ড হারবার রোডকে চার বা ছয় লেনের করার প্রস্তাব দিয়ে আসেন। প্রকল্পটি বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসাবে ডিপিআর তৈরির নির্দেশ দিতেই তৎপরতা শুরু হয়েছে।
বিজেপি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ প্রান্তিক এলাকা এবং সুন্দরবনের বহু অংশে এখনও উন্নত সড়ক যোগাযোগের অভাব রয়েছে। মূল ভূখণ্ড থেকে সাগরদ্বীপে পৌঁছনোর অন্যতম গুরুত্বপূর্ণ পথ ডায়মন্ড হারবার রোড। প্রতি বছর মকর সংক্রান্তির সময় গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে সাগর দ্বীপে লক্ষাধীক পূণ্যার্থীর সমাগম হয়। ফলে যানবাহনের চাপও কয়েক গুণ বেড়ে যাওয়ায় মাত্র দুই লেনের ডায়মন্ড হারবার রোড যানজটে জেরবার হয়ে যায়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এটা তারই অঙ্গ হিসেবে মনে করছে রাজনৈতিক মহল।
