নিজস্ব প্রতিনিধি: বাঙালির মুকুটে আরও একটি গর্বের পালক। স্ট্রিং থিওরি ও ব্ল্যাকহোলের রহস্য নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অস্কার ক্লেইন মেডেলে সম্মানিত হয়েছেন বিশিষ্ট পদার্থবিদ অশোক সেন। তাত্ত্বিক পদার্থবিদ্যায় তাঁর অবদান আন্তর্জাতিক বিজ্ঞানমহলে বিশেষভাবে স্বীকৃত। তাঁর শিক্ষাজীবন, গবেষণা ও পুরস্কার সম্পর্কে রইল গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
১৯৫৬ সালের ১৫ জুলাই কলকাতায় জন্ম অশোক সেনের। তাঁর বাবা অনিলকুমার সেন ছিলেন পদার্থবিদ্যার অধ্যাপক। ছোটবেলা থেকেই বিজ্ঞানের পরিবেশে বেড়ে ওঠা অশোকের পড়াশোনা শুরু হয় কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যাপীঠে। এরপর তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯৭৫ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে আইআইটি কানপুর থেকে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন আমেরিকায়। স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় পিএইচডি করেন তিনি।
অশোক সেনের গবেষণার অন্যতম প্রধান ক্ষেত্র স্ট্রিং থিওরি। এই তত্ত্বের সাহায্যে মহাবিশ্বের মৌলিক উপাদান ও প্রকৃতির বিভিন্ন বলের মধ্যে সম্পর্ক বোঝার চেষ্টা করা হয়। বিশেষ করে স্ট্রিং থিওরিতে ‘এস-ডুয়ালিটি’ সংক্রান্ত তাঁর অবদান উল্লেখযোগ্য।
এ ছাড়াও কৃষ্ণগহ্বরের এনট্রপি এবং তার অন্তর্নিহিত কোয়ান্টাম বৈশিষ্ট্য নিয়ে তাঁর গবেষণা তাত্ত্বিক পদার্থবিদ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পুরস্কারের তালিকায় একাধিক আন্তর্জাতিক সম্মান
বিজ্ঞানে অবদানের জন্য অশোক সেন পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ, ডিরাক মেডেল ও ইনফোসিস পুরস্কার। ২০২৬ সালে অস্কার ক্লেইন মেডেল তাঁর সম্মানের তালিকায় নতুন সংযোজন। তাঁর গবেষণা আধুনিক তাত্ত্বিক পদার্থবিদ্যার জটিল প্রশ্নগুলির উত্তর খোঁজার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
