নিজস্ব প্রতিনিধি: স্বয়ং মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবারের ঘনিষ্ট পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ। আর সেই অভিযোগের তির বিজেপিরই এক মণ্ডল সভাপতির বিরুদ্ধে। তোলাবাজির অঙ্ক ছোটখাটো নয়, প্রায় ৬ কোটি টাকা আত্মস্যাৎ করেছেন বলে অভিযোগ পূর্ব মেদিনীপুরের নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতি অভিজিৎ করণের বিরুদ্ধে। যারা প্রতারিত তাঁদের মাধ্যমেই এই খবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কানে যায়। অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গেই পূর্ব মেদিনীপুর পুলিশের আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। শেষ পর্যন্ত গ্রেফতার হন নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতি অভিজিৎ করণ। এই ঘটনার জেরে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে।
মাত্র ছয় মাস হয়েছে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এসেছে। কিন্তু এরমধ্যেই দলের নিচুতলার একাংশের বিরুদ্ধে তোলাবাজি-দখলদারির অভিযোগ আসছিল বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সম্প্রতি বলেছিলেন, এই অরাজকতা চলতে দেওয়া যাবে না। একদম চিহ্নিত করুন, আমাদের দলের পতাকাকে, আমাদের দলের রংকে যারা কলঙ্কিত করতে চাইছে, তাদের বিরুদ্ধে থানায় এফআইআর করুন। পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী আছে, আমাকে কাগজ দেবেন, আমি তাদের জেলে ঢুকিয়ে দেব। রাজ্য সভাপতির কড়া বার্তার পরই দেখা গেল খোদ মুখ্যমন্ত্রীকে অ্যাকশনে নামতে।
তাঁর নির্দেশেই গত ১১ নভেম্বর নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য রিপুঞ্জয় প্রামাণিক অভিযুক্ত নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতি অভিজিৎ করণের বিরুদ্ধে নন্দকুমার থানায় এফআইআর করেন। ওই বিজেপি নেতার অভিযোগ ছিল, বিধানসভায় প্রার্থী করে দেওয়ার লোভ দেখিয়ে অভিজিৎ ১২ লক্ষ টাকা হাতিয়েছেন। এরপর সোমবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করে। তাঁকে দুদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক। অভিযোগকারী বিজেপি নেতা রিপুঞ্জয় প্রামাণিক বলেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে আমাদের ওই গুণধর নেতা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা তুলেছেন। আমাকে বিধানসভা ভোট প্রার্থী করানোর লোভ দেখিয়ে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন। কলকাতার হোটেলে ১২ লক্ষ টাকা নিয়েছেন। সেই টাকা এখনও ফেরত পাইনি।
