নিজস্ব প্রতিনিধি : রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায় আসতেই ২০২৭ সালের গঙ্গাসাগর মেলাকে ঘিরে বড় উদ্যোগ। রাজ্য প্রশাসনের পাশাপাশি ধর্মীয় মহলেও আগামী বছরের মেলাকে আরও বড় আকারে আয়োজনের প্রত্যাশা তৈরি হয়েছে। আগামী বছর গঙ্গাসাগরে পুণ্যার্থীর সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আশা প্রকাশ করলেন শ্রী পঞ্চদশনাম জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী প্রবধানন্দ জি মহারাজ। তাঁর মতে, সব পরিকল্পনা বাস্তবায়িত হলে অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে কুম্ভ মেলার সমতুল্য মর্যাদা অর্জন করতে পারে গঙ্গাসাগর মেলা।
সম্প্রতি গঙ্গাসাগর সফরে এসে পবিত্র গঙ্গাস্নান করেন জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর। এরপর কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে সাধু-সন্তদের সঙ্গে মেলার প্রস্তুতি নিয়েও আলোচনা করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গঙ্গাসাগরকে আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, পুণ্যার্থীদের সংখ্যা বাড়াতে হলে উন্নত পরিকাঠামোর পাশাপাশি নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা এবং অন্যান্য নাগরিক পরিষেবার দিকেও বিশেষ নজর দিতে হবে। রাজ্য সরকারের কাছে সেই আর্জিও জানান তিনি।
এদিকে, মেলা চলাকালীন কপিলমুনি মন্দির সংলগ্ন এলাকায় মাছ-মাংস বিক্রি বন্ধ রাখার সম্ভাবনা নিয়েও মুখ খোলেন মহামণ্ডলেশ্বর। তাঁর বক্তব্য, বাংলার খাদ্যসংস্কৃতির সঙ্গে মাছ ও ভাত ওতপ্রোতভাবে জড়িত। অন্যদিকে, সাগরদ্বীপের বহু মানুষের জীবিকা মাছ ধরার উপর নির্ভরশীল। ফলে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হলে স্থানীয় বাসিন্দাদের রুজি-রুটিতে প্রভাব পড়তে পারে। তাঁর মতে, মাছ-মাংস বিক্রি হলেই কোনও তীর্থক্ষেত্রের পবিত্রতা নষ্ট হয়, এমন ধারণা ঠিক নয়।
সব মিলিয়ে, ২০২৭ সালের গঙ্গাসাগর মেলাকে আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ার লক্ষ্য সামনে আসছে। তবে পুণ্যার্থীর সংখ্যা বৃদ্ধি, পরিকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় মানুষের জীবিকার মধ্যে ভারসাম্য রেখে প্রশাসন কী পরিকল্পনা নেয়, এখন সেদিকেই নজর।
