নিজস্ব প্রতিনিধি: ‘অগ্নিপথ’ প্রকল্পের আওতায় চার বছরের চুক্তিতে যোগদানকারী প্রথম ব্যাচের অগ্নিবীরদের মেয়াদ শেষের পথে। এরমধ্যেই বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। ৪ বছরের পরিবর্তে ৬ বছর হতে পারে, অর্থাৎ আরও ২ বছর বাড়তে চলেছে অগ্নিবীরদের চাকরির মেয়াদ। আগামী ২১ নভেম্বরের মধ্যে হতে পারে এই ঘোষণা। বুধবার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রমণি এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার অগ্নিবীরদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে। প্রাথমিক ভাবে ৪ বছরের জন্য তাঁদের সশস্ত্র সেনাবাহিনীতে নিয়োগ করা হলেও তাঁদের চাকরির মেয়াদ আরও ২ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের সর্বাধিনায়ক বলেন, “২৫ শতাংশ অগ্নিবীরদের সেনাবাহিনীতে নেওয়া হয়। এবার বাকি ৭৫ শতাংশের জন্য মেয়াদ বাড়ল অতিরিক্ত ২ বছর। তাঁদের বেতনও বাড়বে।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৪ জুন অগ্নিপথ প্রকল্পের আওতায় ২৪ হাজার যুবককে ‘অগ্নিবীর’হিসেবে নিয়োগ করা হয়েছিল। এ বছরই ডিসেম্বরে তাঁদের মধ্যে ১৮,৩০০ জনের চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু কেন্দ্রীয় সরকার অগ্নিবীরদের চাকরির মেয়াদ আরও দু বছর বাড়ালে তাঁরা ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত সেনাবাহিনীতে সেবা দিতে পারবেন। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে প্রায় ২ লক্ষ ৭০ হাজার অগ্নিবীর কর্মরত রয়েছেন। পাশাপাশি ভারতীয় বায়ুসেনায় ২৭ হাজার এবং নৌসেনায় ২১ হাজার অগ্নিবীর নিয়োজিত। দু-বছর মেয়াদ বাড়লে তাঁদের বেতনও বৃদ্ধি পাবে। জানা গিয়েছে, অতিরিক্ত মেয়াদের প্রথম বছর বেতন ৪৩, ৫০০ টাকা পাবেন অগ্নিবীররা। দ্বিতীয় বছরে পাবেন ৪৭ হাজার টাকা।
