নিজস্ব প্রতিনিধি: পোশাকি নাম "নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন", সংক্ষেপে 'নাভিক'। ভারতের নিজস্ব নিজস্ব ‘জিপিএস’ বলা চলে। বর্তমানে রাস্তাঘাটে দিকনির্ণয়, মানচিত্রে কোনও সঠিক অবস্থান খোঁজা কিংবা সময় গণনার ক্ষেত্রে আমাদের অহরহ জিপিএস ব্যবহার করতে হয়। গুগল ম্যাপ থেকে ফুড ডেলিভারি অ্যাপ, বেসরকারি অ্যাপ ক্যাব থেকে ট্রেনের অবস্থান জানা সবেতেই মার্কিন প্রযুক্তি এবং স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে হয় ভারতকে। কিন্তু ভারত এখন সুপার পাওয়ার, তাঁকে কেন বিদেশী প্রযুক্তির ওপর নির্ভরশীল থাকতে হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় এসেই চেয়েছিলেন এই বিদেশী নির্ভরতাকে দূরে ঠেলে নিজস্ব প্রযুক্তির ওপর জোর দিতে। এরপর ভারত পূর্ববর্তী ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম আরও উন্নত করে নতুন নাভিক সিস্টেম চালু করলো।
ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা নাভিক। বোঝাই যাচ্ছে এটা আমেরিকার জিপিএস-এর মতো আন্তর্জাতিক নেভিগেশন ব্যবস্থার বিকল্প হিসেবেই তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা 'ইসরো'। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ইসরোর জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল NVS-03 নেভিগেশন স্যাটেলাইট নিয়ে পাড়ি দেয় মহাকাশে। এই কৃত্তিম উপগ্রহটি ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘নাভিক’-কে আরও শক্তিশালী করে তুলতে এবং এর কার্যক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। "নটি বয়" নামের এই রকেটটি সফলভাবে NVS-03 নেভিগেশন স্যাটেলাইটকে তাঁর কক্ষপথে স্থাপন করেছে।
ইসরো জানিয়েছে, ২,২৫০ কেজি ওজনের এনভিএস-০৩ স্যাটেলাইটটি জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে স্থাপিত হয়েছে। এনভিএস-০৩ হল ইসরোর দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট সিরিজের তৃতীয় উপগ্রহ। যার কাজ হলো, ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘নাভিক’-এর পরিষেবা নিরবচ্ছিন্ন রাখা এবং এর পরিধি ও কার্যকারিতা বাড়ানো। ইসরো জানিয়েছে, ভারতের মূল ভূখণ্ডের পাশাপাশি দেশের ভৌগোলিক সীমানা থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার দূর পর্যন্ত এলাকায় অবস্থান নির্ণয় ও সঠিক সময় সংক্রান্ত পরিষেবা দেওয়ার জন্য তৈরি এই ব্যবস্থা। এই স্যাটেলাইটে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি অ্যাটমিক ক্লক যুক্ত করা হয়েছে। পাশাপাশি বিকল্প হিসেবে বিদেশ থেকে আমদানি করা আরেকটি অ্যাটমিক ক্লকও রয়েছে। ভারত সরকার দেশীয় প্রযুক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছে।
এছাড়া এই স্যাটেলাইটে আগে থেকে ব্যবহৃত L5 এবং S-band সিগন্যালের পাশাপাশি নতুন করে L1 ফ্রিকোয়েন্সি সিগন্যাল যুক্ত করা হবে। এর ফলে বিভিন্ন নেভিগেশন রিসিভার এবং সাধারণ মানুষের ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে নাভিক-এর সামঞ্জস্য বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে বিদেশি নির্ভরতা কমবে এবং ভারতের ইসরো-র তৈরি করা নাভিক নেভিগেশন আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। বিশেষ করে প্রতিরক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পে এর ব্যবহার আরও নিরাপদ করে তুলবে। সবচেয়ে বড় কথা, ভারত বিশ্বের প্রথম চার দেশে ঢুকে পড়লো যারা নিজস্ব নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে। এর আগে মাত্র তিনটি দেশের হাতে এই প্রযুক্তি ছিলো। মার্কিন যুক্তরাষ্ট্রের জিপিএস, রাশিয়ার গ্লোনাস এবং চিনের বাইডো। চার নম্বর দেশ হিসেবে ভারত নিয়ে এল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির নাভিক নেভিগেশন সিস্টেম। ভারতের এই নেভিগেশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতে স্যাটেলাইটের সংখ্যা ৭টি থেকে বাড়িয়ে ১১টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে ইসরোর।
