নিজস্ব প্রতিনিধি: ভারতের রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব তাঁর সোশ্যাল মিডিয়া পেজে সম্প্রতি শেয়ার করেছেন বেঙ্গালুরুর বিইএমএল কারখানায় দেশের প্রথম বুলেট ট্রেন তৈরি হওয়ার একটি ভিডিও। বলা যায় এটাই প্রথম ঝলক যেখানে দেখা যাচ্ছে ভারতের প্রথম দেশীয় বুলেট ট্রেন বি২৮-এর নির্মাণকাজ। রেলমন্ত্রীর শেয়ার করা ভিডিও এবং ছবিগুলি কেবলমাত্র ভারতের কোনও আধুনিক কারখানার দৃশ্যই নয়, এটা আত্মনির্ভর ভারতের অন্যতম নিদর্শন। কারণ, যে দেশ একসময় উচ্চগতির প্রযুক্তির জন্য সম্পূর্ণভাবে বিদেশি শক্তির ওপর নির্ভরশীল ছিল, সেই ভারত আজ নিজস্ব মেধা আর প্রযুক্তিতে ঘণ্টায় ২৮০ কিলোমিটার বেগের বুলেট ট্রেন তৈরি করছে।
ব্রিটিশ আমলে শুরু হওয়া ভারতের রেল ব্যবস্থাপনা বেশ প্রাচীন এবং এর ইতিহাসও বেশ সমৃদ্ধ। স্বাধীনতার পর ভারতে বেশ কয়েকটি রেল ইঞ্জিন ও রেলকোচ কারখানা তৈরি হলেও প্রযুক্তির জন্য মূলত বিদেশের কাছেই হাত পাততে হতো। সে পুরোনো আইসিএফ (ICF) বা বর্তমানের এলএইচবি (LHB) কোচ হোক, ডিজাইন ও প্রযুক্তি আমদানি করতে হয়েছে ভারতীয় রেলকে। কিন্তু নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে একটু একটু করে বদলেছে চিত্র। চেন্নাইয়ের ইন্টিগ্রাল রেল কোচ ফ্যাক্টারি বা আইসিএফ নিজস্ব প্রযুক্তি এবং যন্ত্রপাতির সাহায্যে তৈরি করলো দেশের প্রথম সেমি হাইস্পিড বন্দে ভারত ট্রেন, যার পোশাকি নাম ট্রেন-১৮। যা এখন ভারতের রেললাইনে গর্বের সঙ্গে ছুঁটছে। সেমি হাইস্পিডের পর মোদি সরকারের নজর এবার হাইস্পিড রেল নেটওয়ার্কের দিকে। ইতিমধ্যেই মুম্বই থেকে আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ অনেকদুর এগিয়েছে। এই জাপানি অর্থ সহায়তায় এই রুটে আগামী বছরেই ছুটবে বুলেট ট্রেন। যা তৈরি হচ্ছে ভারতেই।
রাষ্ট্রায়ত্ব সংস্থা ভারত আর্থ মুভার্স লিমিটেড বা বিইএমএলের বেঙ্গালুরুতে অবস্থিত ‘আদিত্য হাই-স্পিড রেল কমপ্লেক্সে’ ধীরে ধীরে রূপ নিচ্ছে ভারতের প্রথম বুলেট ট্রেনটি। অ্যারোডাইনামিক অ্যালুমিনিয়াম বডি অত্যন্ত হালকা কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী। রেলমন্ত্রীর জানিয়েছেন, বর্তমানে এর কাঠামোগুলিতে ‘স্কুইজ টেস্টিং’ বা চাপ সহনশীলতার পরীক্ষা করা হচ্ছে, যা উচ্চগতিতে বায়ুর চরম চাপ সহ্য করতে ট্রেনটিকে সাহায্য করবে। কারখানার ভেতরে বিশাল সবুজ রঙের রোবোটিক আর্ম এবং নিখুঁত লেজার কাটিং মেকানিজম ব্যবহার করে চলছে কাজ, যা যে কোনও উন্নত দেশে দেখা যায়। ট্রেনের ভেতরের অংশের ফাঁপা প্রোটোটাইপ ফ্রেমটির দুই পাশে সুন্দর জানালার নকশা ইতিমধ্যেই স্পষ্ট। এই ৮-কোচের বিশেষ শীততাপনিয়ন্ত্রিত ট্রেনসেটটির ভেতরের ডিজাইন থেকে শুরু করে এর পাওয়ার লিনিয়ার মোটর—সবকিছুই ভারতীয় ইঞ্জিনিয়াররা তৈরি করছেন।
রেল মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মে-জুন মাসের মধ্যেই এই ম্যানুফ্যাকচারিং লাইনে তৈরি প্রথম প্রোটোটাইপ ট্রেনটি। এরপর সেটি ট্র্যাকে নেমে পড়বে ট্রায়ালের জন্য। প্রাথমিকভাবে মুম্বাই-আহমেদাবাদ রুটের সুরাট থেকে ভাপির মধ্যে এই ভারতের নিজস্ব প্রযুক্তির বুলেট ট্রেনটি চালানো হবে। অপরদিকে এই প্রকল্পের অগ্রগতির সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা আরও দুটি বুলেট ট্রেন প্রকল্পের ছাড়পত্র দিয়েছে। একটি দিল্লি থেকে বারাণসী, পাটনা, শিলিগুড়ি হয়ে গুয়াহাটি পর্যন্ত এবং অন্যটি দক্ষিণ ভারতের চেন্নাই থেকে বেঙ্গালুরুর মধ্যে তৈরি হবে।
