নিজস্ব প্রতিনিধি: নিউ টাউনে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ছে উদ্বেগ। বিশ্ব বাংলা গেটের ঝুলন্ত রেস্তরাঁয় আগুন লাগার দু’দিনের মধ্যেই এ বার সিটি সেন্টার ২ সংলগ্ন মাঠপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার দুপুরে আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ২০ থেকে ২৫টি ঝুপড়ি। পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
স্থানীয়দের দাবি, দুপুর সাড়ে ৩টে নাগাদ আচমকাই আগুন লাগে বসতিতে। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একের পর এক ঝুপড়িতে। পরিস্থিতি সামাল দিতে প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু হয় তৎপরতা। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি ও ইকো পার্ক থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন রাজারহাট-নিউ টাউনের বিধায়কও। আগুনে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, এই এলাকায় আগেও একাধিকবার অগ্নিকাণ্ড ঘটেছে। টিনের তৈরি ঘর এবং ঘনবসতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। পাশাপাশি, আশপাশের বহুতল ও বাড়িতেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়। শর্ট সার্কিট, নাকি রান্নার গ্যাস থেকে বিপত্তি—তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর বিজয়া দশমীর সন্ধ্যায় নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের উপরে থাকা রেস্তরাঁয় আগুন লাগে। সেখানেও আতঙ্ক ছড়ালেও রেস্তরাঁয় থাকা সকলকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়। পরপর দু’টি অগ্নিকাণ্ড নিউ টাউনের বিভিন্ন এলাকায় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা, দমকলের দ্রুত প্রবেশাধিকার এবং ঝুঁকিপূর্ণ বসতিতে আগুন প্রতিরোধের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
