নিজস্ব প্রতিনিধি: শুক্রবার গুজরাটের বনসকাঁঠায় একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে তিনি দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি এবং অন্যান্য সংগঠনগুলির বিরুদ্ধে তোপ দাগলেন। তিনি বলেন, ‘বিরোধীরা দেশকে অশান্ত করতে চাইছে। সঙ্কটকালে ওরা উল্লাস করে’। তাঁর দাবি, পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ যাতে ভারতে না লাগে, তার জন্য আপ্রাণ চেষ্টা করছে তাঁর সরকার। কিন্তু বিরোধীরা ক্রমাগত চক্রান্ত চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, এই মুহূর্তে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ভয়ানক।
একদিকে ইরান-আমেরিকার মধ্যে যুদ্ধ পরিস্থিতি, দীর্ঘদিন ধরে বন্ধ হরমুজ প্রণালি, পশ্চিম ইউরোপে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে ভয়াবহ যুদ্ধ। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, সারের দাম হু হু করে বাড়ছে। ফলে একটা সঙ্কটময় অবস্থার সৃষ্টি হয়েছে। এই আবহে কেন্দ্রীয় সরকার চেষ্টা চালাচ্ছে যাতে ভারতের অর্থনীতিতে যুদ্ধের আঁচ না আসে। কিন্তু ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির ক্রমাগত আন্দোলনের ফলে দেশে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হচ্ছে। এদিন প্রধানমন্ত্রী এই প্রচেষ্টাকেই এক হাত নিলেন। নরেন্দ্র মোদির দাবি, তাঁর সরকারকে দুর্নাম করার জন্য বিরোধীরা উঠেপড়ে লেগেছে। দেশের বাইরের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিচ্ছে তারা। জ্বালানি এবং সারের দাম নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এই সমস্ত বিরোধী দলগুলির প্রতিনিধিরা আসলে দেশ বিপদে পড়লে আনন্দ পান।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এনডিএ সরকার ভারতকে উন্নত দেশে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের নাগরিকরাও এই প্রচেষ্টায় সামিল হয়েছেন। কিন্তু তা কিছু মানুষের পছন্দ হচ্ছে না। তাঁরা আসলে দেশ বিপদে পড়লেই খুশি হন। কেবলমাত্র তাঁরা নরেন্দ্র মোদিকে ছোট করার জন্যই দেশের ক্ষতি করে যাচ্ছেন। বোঝাই যাচ্ছে তাঁর অভিযোগের তির বিরোধী দলনেতা রাহুল গান্ধি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেসের নেতৃত্বে একজোট হয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী এদের আন্দোলনকেই কটাক্ষ করলেন। তাঁর বক্তব্য, একাধিক যুদ্ধে জেরে সারের জ্বালানি ও সারের দাম বেড়েছে বিশ্বজুড়ে। কিন্তু তাঁর সরকার কৃষকদের কথা চিন্তা করে সারের দাম নিয়ন্ত্রণে রেখেছেন। তবুও কিছু মানুষ ফেক নিউজ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছেন।
