নিজস্ব প্রতিনিধি: ধর্ম যার যার, বড়মা সবার, এতদিন নৈহাটির বিখ্যাত বড়মা মন্দিরের সিংহদ্বারে জ্বলজ্বল করতে এই ক্যাচলাইন। কালীপুজোর আগেই বদলে গেল নৈহাটির বড়মা মন্দিরের ফলকের সেই লেখা। নৈহাটি বড়মা মন্দিরে এখন লেখা হয়েছে ‘বড় মায়ে ভক্তি, সনাতনের শক্তি’। আচমকা কেন এই পরিবর্তন, যা নিয়ে নৈহাটি এবং সোশ্যাল মিডিয়াতে হইচই পড়ে গিয়েছে। তবে নৈহাটি বড়মা মন্দির কমিটি এই পরিবর্তনের ব্যাখ্যাও দিয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় ও মন্দির কমিটির যুগ্ম সম্পাদক কমল কুমার ঘোষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বড়মা মন্দিরের সিংহদ্বারে এই নতুন বার্তা উন্মোচিত হয়। তাতে লেখা – ‘বড়মায়ে ভক্তি, সনাতনে শক্তি’। মন্দির কমিটির দাবি, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে এককভাবে নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু ভক্ত এবং একাধিক হিন্দু সংগঠনের পক্ষ থেকে পুরোনো ক্যাচলাইনটি পরিবর্তনের জন্য বারবার অনুরোধ জানানো হচ্ছিল। তাঁদের কথা মাথায় রেখেই এবং ভক্তদের ভাবাবেগকে মর্যাদা দিতেই এই ক্যাচলাইন পাল্টানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরোনো ক্যাচলাইনটি পালটানোয় খুশি ভক্তরাও।
নৈহাটির বড়মা মন্দিরের খ্যাতি ইতিমধ্যেই গোটা বাংলায় সমাদৃত। এ বারও কালীপুজোর দিন বড়মা সাজবেন ১ কুইন্টাল ১০ কেজি সোনা-রুপোর অলঙ্কারে। উৎসবের দিনগুলিতে জনজোয়ার আছড়ে পড়ার আশঙ্কায় কোমর বেঁধে নেমেছে জেলা ও স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা। সেই সঙ্গে পূর্বরেলও একাধিক পরিকল্পনা নিয়েছে নৈহাটির বড়মা মন্দিরের ভিড় সামলাতে। দুর্গাপুজোয় চোরবাগানের সাম্প্রতিক ঘটনার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
এরই মাঝে বড়মা মন্দিরের নতুন ক্যাচলাইন নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ভক্তরাও উচ্ছ্বসিত। এক মহিলা ভক্ত বলেন, “যে বড়মার মন্দিরে এক সেকেন্ড দাঁড়ানো যেত না, সেখানে পাঁচ মিনিট ধরে পুজো দিলাম। সনাতনের শক্তি কতটা, তা জানি না। সত্যি পুজো দিয়ে মন ভরে গেল। অপররদিকে নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় বলেন, “নৈহাটিবাসী অনেকদিন ধরেই চেয়েছিলেন সনাতনীদের ট্যাগ লাইন থাকবে। বড়মার কমিটিতেও এই আবেদন এসেছিল। সনাতনীদের সময়, সনাতনী লেখাই হোক। এর সঙ্গে পালাবদলের সম্পর্ক নেই।
