নিজস্ব প্রতিনিধি: কলকাতা বা দিল্লি মেট্রোয় এমন কয়েকটি স্টেশন রয়েছে যেখানে একাধিক রুটের ট্রেন পাওয়া যায়। কিন্তু ভারতীয় রেলে এমন একটি স্টেশন আছে যেখানে আগামীদিনে একই ছাদের নীচে মেট্রো, ব্রডগেজ ও বুলেট ট্রেনের প্ল্যাটফর্ম পাওয়া যাবে। গুজরাটের আহমেদাবাদে এই ত্রিস্তরীয় পরিকাঠামো তৈরি হচ্ছে। ফলে আহমেদাবাদই হবে দেশের প্রথম কোনও রেলস্টেশন যেখানে তিন ধরনের রেল যোগাযোগ একসাথে দেখা যাবে। আহমেদাবাদ স্টেশনের একদম ওপরের স্তরে থাকছে হাইস্পিড বুলেট ট্রেনের প্ল্যাটফর্ম। এটি এলিভেটেড বা স্থম্ভের ওপর নির্মান হচ্ছে। তার ঠিক নিচের স্তরে অর্থাৎ বর্তমান প্ল্যাটফর্মে চলবে ভারতীয় রেলওয়ের এক্সপ্রেস, লোকাল এবং বন্দে ভারতের মতো ব্রডগেজ ট্রেন। আর মাটির নিচ দিয়ে ছুটবে আহমেদাবাদ মেট্রো। সবমিলিয়ে এই পরিকাঠামোটি ভারতীয় রেল ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য নিদর্শন হতে চলেছে।
প্রসঙ্গত, পরিবর্তনের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেলওয়ে। ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের অধীনে মুম্বই-আহমেদাবাদ হাই-স্পিড রেল (MAHSR) করিডরের কাজ অত্যন্ত দ্রুতগতিতে চলছে। এই প্রকল্পের আওতায় আহমেদাবাদ রেলওয়ে স্টেশনে আধুনিক মাল্টি-লেভেল ট্রান্সপোর্ট ব্যবস্থার চমৎকার বাস্তবায়ন দেখা যাচ্ছে। এই স্টেশনটির নির্মাণকাজে ফুটিয়ে তোলা হচ্ছে গুজরাটের নিজস্ব শিল্প সংস্কৃতিকে। এর মূল ডিজাইনটি আহমেদাবাদের বিখ্যাত 'সিদি সাইয়্যদ মসজিদ'-এর পাথরের জালি কাজ এবং গুজরাটের ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হচ্ছে।
বুলেট ট্রেন প্রকল্পের জেরে আহমেদাবাদ স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মটি দীর্ঘ সময় বন্ধ রাখা হয়েছিল। সেই সেই জটিল নির্মাণকাজ সফলভাবে শেষ হওয়ার পর আহমেদাবাদে আরও তিনটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। অর্থাৎ, ১০, ১১ এবং ১২ নম্বর প্ল্যাটফর্মের কাজ ইতিমধ্যেই শেষ এবং 'কমিশনার অব রেলওয়ে সেফটির পরিদর্শনও হয়ে গিয়েছে। ছাড়পত্র এলে এই প্ল্যাটফর্মগুলিতে পুনরায় সাধারণ যাত্রীবাহী ট্রেনের ট্রাফিক স্বাভাবিক করে দেওয়া হবে। নতুন ঝাঁ চকচকে আহমেদাবাদ স্টেশন সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেলে সেটা যে গোটা দেশের মধ্যে সেরা রেলস্টেশের তকমা পাবে তা বলাই বাহুল্য। ভারতীয় রেল এই স্টেশনকে আরও একধাপ এগিয়ে বিশ্বমানের বলেই আখ্যা দিচ্ছে।
