নিজস্ব প্রতিনিধি: বুধবারই কাশ্মীরের কুলগামে একটি সিআরপিএফ নাকা চেকিং পয়েন্টে হামলার ঘটনা ঘটেছিল। জঙ্গিদের ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম হয়েছিলেন তিনজন জওয়ান। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ওই হামলার দায় স্বীকার করে নিল নতুন একটি জেহাদি সংগঠন। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দিল্লির অলিন্দে। কারণ কাশ্মীর উপত্যকায় কোনও জঙ্গি হামলায় ঘটনায় এই প্রথম এই সংগঠনটির নাম প্রকাশ্যে এল। ‘পাসদরান-ই-হুরিয়ত কাশ্মীর’ নামে ওই নতুন সংগঠনটি রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে দাবি করেছে, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ছত্রছায়ায় ‘হিন্দুত্ব রেজিম’ চালাচ্ছে বর্তমান ভারত সরকার।
‘পাসদরান-ই-হুরিয়ত কাশ্মীর’ নামে ওই জেহাদি সংগঠনের দাবি, ভারত জম্মু-কাশ্মীর দখল করে রেখেছে। কাশ্মীরের বর্তমান শান্তি অবস্থাকেও কৃত্রিম বলে দাবি করেছে তাঁরা। এমনকি ভারত সরকারকে ‘হিন্দুত্ব রেজিম’ বলেও কটাক্ষ করা হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকেও রীতিমতো হুমকি দিয়েছে ওই জঙ্গি সংগঠনটি। সংঘের উপরেও জেহাদি হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে ‘পাসদরান-ই-হুরিয়ত কাশ্মীর’। সবমিলিয়ে বিষয়টি নিয়ে চিন্তিত প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
এই বিবৃতির নীচে মুখপাত্র হিসেবে নাম লেখা মহম্মদ ওমর আজ়ম নামে এক ব্যক্তির। এই ব্যক্তি ও সংগঠনের বিষয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, কবে এই নতুন সংগঠনটি গড়ে উঠল? তারা কি লস্কর, জইশ কিংবা হিজবুলের সঙ্গী সংগঠন? তদন্ত শুরু করেছে ভারতের গোয়েন্দা এজেন্সিগুলি।
