নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পরপর কয়েকটি এনকাউন্টার নিয়ে বঙ্গ রাজনীতি কয়েকদিন ধরেই সরগরম। অনেকেই কাঠগড়য় তুলছেন পুলিশকে। কিন্তু শুক্রবার ভরসন্ধ্যায় যে ঘটনা ঘটলো সেটা বুঝিয়ে দিল এ রাজ্যে দুস্কৃতিরাজ কোন পর্যায়ে উঠেছিল। শুক্রবার সন্ধ্যায় অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হলেন পুলিশ কর্মীই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতনে। জখম ওই পুলিশকর্মীকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে ওই পুলিশকর্মীর নাম বিশ্বজিৎ দাস, তাঁর পায়ে গুলি লেগেছে। জানা যাচ্ছে গুলি চালিয়ে চম্পট দিয়েছে ওই অভিযুক্ত দুস্কৃতি। রাজ্যে পালাবদলের পরে বোলপুর ও শান্তিনিকেতন এলাকায় এই নিয়ে দ্বিতীয় বার গুলি চলার ঘটনা সামনে এল। এর আগে গুলিতে খুন হয়েছিলেন এক বিজেপি নেতা। এ বার অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক পুলিশকর্মী। তবে কোন দুস্কৃতিকে ধরতে অভিযান চালাচ্ছিল পুলিশ সেটা এখনও জানা যায়নি।
স্থানীয়দের দাবি, ওই অভিযুক্তের খোঁজে তাঁর বাড়িতে গিয়েছিল শান্তিনিকেতন থানার পুলিশকর্মীরা। ঘরের দরজায় কড়া নাড়ার পরই আচমকা দরজা খুলে গুলি চালিয়ে দেয় ওই দুস্কৃতি। বিশ্বজিৎ দাস নামে এক কনস্টেবলের বাঁ পায়ে গুলি লাগে। এই সুযোগে পালিয়ে যায় ওই দুস্কৃতি। খবর পেয়েই শান্তিনিকেতন থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকাজুড়ে শুরু হয়েছে তল্লাশি। এলাকায় ব্যপক উত্তেজনা রয়েছে।
