রবিবার, 22 নভেম্বর 2026 11:57 AM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

SBI-তে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ডার্ক ওয়েবে ফাঁস ৩,৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত তথ্য

SBI-তে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ডার্ক ওয়েবে ফাঁস ৩,৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত তথ্য
নিজস্ব প্রতিনিধি : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র ৩৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে প্রকাশিত হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। কী ভাবে এই তথ্য ফাঁস হল, তার উৎস কোথায় এবং এর জেরে গ্রাহকদের কতটা ঝুঁকির মুখে পড়তে হতে পারে, তা জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

এসবিআই জানিয়েছে, গত ১৬ অক্টোবর তাদের থ্রেট ইন্টেলিজেন্স পরিষেবা প্রদানকারী সংস্থা, ডিফেন্স সাইবার এজেন্সি এবং ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In)-এর কাছ থেকে এ বিষয়ে সতর্কবার্তা পাওয়া যায়। এরপরই সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ করে ব্যাঙ্ক।

প্রকাশ্যে আসা তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, নথিভুক্ত মোবাইল নম্বর, জন্মতারিখ, লিঙ্গ, ইমেল আইডি এবং বাসস্থানের ঠিকানা। এ ছাড়াও শাখার পরিচিতি, সিআইএফ নম্বর, লিড আইডি, ঋণ সংক্রান্ত রেকর্ড এবং বিভিন্ন ফাইলের মেটাডেটা ফাঁস হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই তথ্য কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা গ্রাহকদের সঙ্গে প্রতারণা করতে পারে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত প্রভাব এবং গ্রাহকদের সম্ভাব্য ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

ঘটনার পরই তথ্যের আরও বিস্তার রুখতে এবং সম্ভাব্য সাইবার হামলা মোকাবিলায় নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল কার্যকর করেছে এসবিআই। পাশাপাশি, CERT-In অনুমোদিত একটি স্বাধীন সাইবার নিরাপত্তা সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তথ্য ফাঁসের উৎস, তার ব্যাপ্তি এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করাই এই তদন্তের মূল উদ্দেশ্য।

দাবি, এই ঘটনার কারণে তাদের দৈনন্দিন ব্যাঙ্কিং পরিষেবা, ব্যবসায়িক কার্যক্রম কিংবা আর্থিক ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। পরিষেবা স্বাভাবিক রয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, বুধবার বিএসইতে এসবিআইয়ের শেয়ারদর আগের দিনের ৯৭২.৪৫ টাকা থেকে বেড়ে ৯৮৩.৩০ টাকায় পৌঁছয়। পরে তা কমে ৯৭৬.৬৫ টাকায় লেনদেন হচ্ছিল। তবে শেয়ারদরের এই ওঠানামার সঙ্গে তথ্য ফাঁসের ঘটনার কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।