নিজস্ব প্রতিনিধি: আগামী ১৭ নভেম্বরের মধ্যে কলকাতায় ফিরতে হবে বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলকে। তবে একই সঙ্গে সর্বোচ্চ আদালত তাঁকে রক্ষাকবজও দিয়েছে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। উল্লেখ্য, বীরভূমের অবসরপ্রাপ্ত এই ভূমি রাজস্ব আধিকারিক টুলু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো রসিদ বা ডুপ্লিকেট কার্বন রিসিট দিয়ে কোটি কোটি টাকার সরকারি রাজস্ব তছরুপ করার। তৃণমূল জমানায় পাথর ব্যবসায়ী হিসেবে টুলু বড় বড় সরকারি প্রকল্পের বরাত পেতেন। এই মামলায় ইতিমধ্যেই সিউড়ি আদালতে চার্ডশিট জমা দিয়েছে বীরভূম পুলিশ। সেখানে মূল অভিযুক্ত হিসেবেই নাম রয়েছে টুলু মণ্ডলের। জানা যাচ্ছে, অভিযোগ সামনে আসতেই টুলু দুবাই পালিয়েছেন।
এই মামলার শুনানিতে টুলু মণ্ডলের আইনজীবী মুকুল রোহতগী আদালতকে জানান, তাঁর মক্কেল দাউদ ইব্রাহিম নন, দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে গিয়ে তিনি দুবাইতে বৈধ ব্যবসা করছেন। পাশাপাশি তিনি জানান, রক্ষাকবচ পেলে তাঁর মক্কেল দেশে ফিরতে প্রস্তুত। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে পদক্ষেপ করছে পশ্চিমবঙ্গ পুলিশ। এ বিষয়ে রাজ্য পুলিশের বক্তব্য জানতে চায় সুপ্রিম কোর্টের বেঞ্চ। সলিসিটর জেনারেল তুষার মেহতা আশ্বাস দেন যে, টুলু দেশে ফিরলে আপাতত তিন সপ্তাহ তাঁকে গ্রেফতার করবে না পুলিশ, তবে তদন্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে। পাশাপাশি, আইনি রক্ষাকবচ পেয়ে দেশে ফিরে টুলু যাতে প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে না পারেন এবং তথ্যপ্রমাণ নষ্ট না করেন, সে বিষয়ে কোর্টকে নির্দেশ দেওয়ার আর্জি জানান তিনি। সব পক্ষের বক্তব্য শোনার পর, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চ টুলুকে রক্ষাকবচ দিয়ে দেশে ফেরার সময় বেঁধে দিয়েছেন।
