রবিবার, 22 নভেম্বর 2026 12:02 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

‘কাউকে আড়াল নয়’-বিজয়া সম্মেলনীতে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

‘কাউকে আড়াল নয়’-বিজয়া সম্মেলনীতে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
অনেকটাই অনাড়ম্বরে এবার পালিত হল রাজ্য সরকারের বিজয়া সম্মেলনী। সোমবার সায়েন্স সিটির কাছে মিলন মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত বিজেপি সরকারের প্রথম বিজয়া সম্মেলনীতে যথারীতি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের মন্ত্রী, বিধায়ক, সাংসদরা। পাশাপাশি এই অনুষ্ঠানে পুজো উদ্যোক্তা ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এদিনের দেবী সম্মান প্রদান অনুষ্ঠানে দুর্গাপুজো আয়োজনের সঙ্গে যুক্ত রাজ্য প্রশাসন, পুলিশ ও একাধিক বিভাগের কর্মীদের প্রতিও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে চোরবাগান মণ্ডপের মর্মান্তিক দুর্ঘটনার অভিঘাতে এবারের বিজয়া সম্মেলনীতে উৎসবের আমেজকে কিছুটা ম্লান করেছে। মুখ্যমন্ত্রী জানান, এবারে অনেক বড় আকারে এই অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল, কিন্তু চোরবাগানের হৃদয়বিদারক ঘটনা সেই পরিকল্পনায় বদল আনতে বাধ্য করেছে। তাই সংক্ষিপ্ত পরিসরে মূল অনুষ্ঠান সীমাবদ্ধ রেখে বিদেহী আত্মাদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ২৫ জন আহত ব্যক্তির পরিবারের হাতে অর্থ তুলে দেওয়া হয় এদিন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, "তথাকথিত ‘ইগো’ বা অহঙ্কার বজায় না রেখে আহতদের বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে সর্বোচ্চ সেবা দিয়েছি"। 

দুর্গাপুজো মিটলেও সামনে কালীপুজো, দিওয়ালী এবং ছটপুজো রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, অতীতের ত্রুটিবিচ্যুতি ও বেলডাঙার মতো জায়গা থেকে শিক্ষা নিয়ে সমস্ত উৎসব ‘ত্রুটিমুক্ত’ করার প্রতিশ্রুতি নিয়েছে তাঁর সরকার। পাশাপাশি তিনি জানান, আগামী গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে রাজ্য প্রশাসন। ২০১৭ সালে জেটি ভেঙে ১৭ জন পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যুর কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী জানান,সরকার এবার সম্পূর্ণ ত্রুটিহীন ব্যবস্থা নিশ্চিত করতে বধ্য়পরিকর। শুভেন্দু বলেন, চোরবাগানের বিচ্ছিন্ন দুর্ঘটনাটি বাদ দিলে রাজ্যের প্রায় ৬৬ হাজার পুজো অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে ও শান্তিতে সম্পন্ন হয়েছে। তাঁর কথায়,  “ধর্ম যার যার, উৎসব সবার— তবে ধর্ম রক্ষা করার দায়িত্ব তাঁর তাঁর। এটাই নতুন পশ্চিমবঙ্গ, পরিবর্তনের পশ্চিমবঙ্গ”। যদিও চোরবাগানের ঘটনাকে  ‘ছোট ঘটনা’ বা ‘ষড়যন্ত্র’ বলতে নারাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এটা নতুন পশ্চিমবঙ্গ। দায়ী কাউকে আড়াল করবে না সরকার”।