নিজস্ব প্রতিনিধি: দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেয়েছিল বাংলা ও আসাম। দ্বিতীয় ট্রেনটি পেল দিল্লি ও উত্তরপ্রদেশ। চলতি বছরের জানুয়ারিতেই শুরু হয়েছিল ‘বন্দে ভারত স্লিপার’-এর যাত্রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত জানুয়ারি মাসে সবুজ পতাকা দেখিয়েছিলেন হাওড়া থেকে কামাখ্যা প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের। শনিবার তিনি তাঁর নিজের সংসদীয় কেন্দ্র বারাণসী থেকে দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেনটির যাত্রা শুরু করলেন। ট্রেনটি চলাচল করবে দিল্লি-বারাণসী রুটে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, যে সমস্ত যাত্রী তীর্থ করতে কিংবা অন্য কোনও দরকারে দিল্লি থেকে বারাণসীতে যাবেন এই নতুন ট্রেন চালু হওয়ার ফলে তাঁদের সুবিধা হবে। তিনি এক্স পোস্টে আরও লিখেছেন, রাজধানী দিল্লি ও কাশীর মধ্যে যাত্রীদের জন্য আজ এক ঐতিহাসিক দিন। নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রীরা আরও আরামদায়ক ও নিরাপদে যাতায়াত করতে পারবেন।
নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনটি দিল্লি থেকে বারাণসীর মধ্যে বৃহস্পতিবার বাদে সপ্তাহে ছয়দিন চলাচল করবে। ৭৫৯ কিলোমিটার যাত্রায় ট্রেনটি সময় নেবে ৮ ঘণ্টা। বারাণসী থেকে সন্ধে ৮টা ৫০ মিনিটে ছাড়বে। পরের দিন ভোর ৬টা ১০ মিনিটে ট্রেনটি দিল্লিতে গিয়ে পৌঁছবে। পথমধ্যে ট্রেনটি প্রয়াগরাজ এবং কানপুর সেন্ট্রাল স্টেশনে দাঁড়াবে। অপরদিকে দিল্লি থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে পরের দিন ভোর ৬টা ১০ মিনিটে বারাণসীতে এসে পৌঁছবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সেমি হাইস্পিড এই বন্দে ভারত স্লিপার ভার্সানে আরও অনেক আকর্ষণীয় বিশেষত্ব যোগ করা হয়েছে। যেমন, বড় ও পরিষ্কার বাথরুম, বড় লাগেজ স্পেস, একাধিক চার্জিং সকেট। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার নিশ্ছিদ্র নিরাপত্তাও পাবেন যাত্রীরা।
রেল সূত্রে জানা যাচ্ছে, হাওড়া থেকে নয়া দিল্লি গ্র্যান্ড কর্ড রুটে আসানসোল ও ধানবাদ স্টেশন হয়ে আরেকটি বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কবে থেকে এটি চালু হবে, তা রেলের চূড়ান্ত টাইম টেবিল প্রকাশের পরেই জানা যাবে। দীর্ঘদিন ধরে চেম্বার অফ কমার্স ও হাওড়া এবং আসানসোল ডিভিশনের রেলযাত্রীদের বিভিন্ন কমিটির পক্ষ থেকে এই রুটে বন্দে ভারত স্লিপার চালানোর দাবি আসছিল রেল মন্ত্রকে। এবার ট্রেনটির মঞ্জুরি মিলল। বর্তমানে হাওড়া ও শিয়ালদা থেকে রাজধানী এবং শিয়ালদা-বিকানির দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়ার ট্রেন চললেও, এই নতুন স্লিপার বন্দে ভারতের জন্য যাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।
