পায়েল মুখার্জী : দিল্লিতে কক্রোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভ ঘিরে পুলিশি পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল সুপ্রিম কোর্ট। শান্তিপূর্ণ ও নিরস্ত্র আন্দোলনকারীদের আটক করতে হলে আইন নির্ধারিত পদ্ধতি মানতে হবে বলে স্পষ্ট করেছে শীর্ষ আদালত। পাশাপাশি, মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক রাখা, ইন্টারনেট বন্ধ না করা এবং সাধারণ মানুষের যাতায়াতে অযথা বাধা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। কর্মসূচি ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। অভিযোগ, প্রায় সাত হাজার মানুষকে আটক করা হয়। এই পদক্ষেপের বৈধতা নিয়েই আদালতে প্রশ্ন ওঠে।
রবিবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে নাগরিকদের মতপ্রকাশ ও শান্তিপূর্ণ জমায়েতের অধিকার স্বীকৃত। তবে জনশৃঙ্খলা রক্ষায় যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা যায়। সেই বিধিনিষেধ যেন কার্যত সম্পূর্ণ নিষেধাজ্ঞায় পরিণত না হয়, সে দিকেও নজর রাখতে হবে।
কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, দিল্লি-এনসিআরের ৩০৩টি মেট্রো স্টেশনের মধ্যে ৪৫টিতে প্রবেশ ও বেরোনোর ক্ষেত্রে বিধিনিষেধ ছিল। পরিষেবা চালু ছিল বলেও দাবি করেন তিনি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে আদালত।
দিল্লি পুলিশ, মেট্রো ও রেল কর্তৃপক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৩ অক্টোবর ফের শুনানি। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রশাসনের, কিন্তু সেই দায়িত্ব পালনের নামে নাগরিকের অধিকার কতটা সীমিত করা যায়, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উঠে এসেছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
