নিজস্ব প্রতিনিধি: বিদ্রোহের আগুনে কাঁপছে পাকিস্তান। এবার বালোচ বিদ্রোহীদের হামলায় আস্ত একটা সেতু উড়ে গেল পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের কোয়েটা শহরে। পাকিস্তানের বন্দর শহর করাচি থেকে কোয়েটার মধ্যে যোগাযোগ রক্ষাকারী প্রধান হাইওয়েতে অবস্থিত গুরুত্বপূর্ণ এই সেতুটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। ফলে দুই শহরের মধ্যে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাক বালোচিস্তানের মাস্তুং অঞ্চলের খাদকোচা এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ এই সেতুটি পাকিস্তান সেনাবাহিনীর কাছে কৌশলগত গুরুত্ব ছিল। কারণ, বিদ্রোহীদের হাত থেকে করাচি-কোয়েটা হাইওয়েকে রক্ষা করতে এই সেতুর গুরুত্ব অপরিসীম। পাশাপাশি এই হাইওয়েটি বালোচিস্তানের রাজধানী কোয়েটার সঙ্গে পাকিস্তানের বৃহত্তম শহর ও বাণিজ্যিক কেন্দ্র করাচির মধ্যে জরুরি রসদ ও পণ্য পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এখানেই প্রশ্ন উঠছে, এবার কি তবে পাকিস্তান সরকারকে ভাতে মারতে গুরুত্বপূর্ণ এবং কৌশলগত বস্তুগুলিকে হামলা চালাতে শুরু করলো বালোচ বিদ্রোহীরা।
প্রসঙ্গত, গত ১১ আগস্ট পাকিস্তান থেকে আলাদা হয়ে নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছিল বালোচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ। এই বিদ্রোহী গোষ্ঠী দাবি করে বালোচিস্তানের ৮৫ শতাংশ এলাকা তাঁদের নিয়ন্ত্রণে। তাঁরা নিজেদের আর্মি এবং ফিঁদায়ে বাহিনী তৈরি করে পাকিস্তান সেনা ও পুলিশকে নাকানি-চোবানি খাওয়াচ্ছে দীর্ঘদিন ধরেই। পাক সেনাঘাঁটি থেকে শুরু করে পুলিশ চৌকি, সরকারি অফিস এবং ব্যাঙ্কেরও দখল নিয়েছে বিএলএ। তাঁদের অভিযোগ, পালটা গুমখুন, হত্যা ও ধর্ষণের মতো অমানুষিক অত্যাচার চালিয়ে বিদ্রোহের আগুন নেভানোর চেষ্টা করছে পাকিস্তান সেনাবাহিনী। সবমিলিয়ে বিদ্রোহের আগুনে কার্যত জ্বলছে পাকিস্তানের একটা বড় অংশ। তাৎপর্যপূর্ণভাবে বালোচিস্তানের মধ্যে দিয়েই গিয়েছে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর। ফলে কোয়েটার কাছে এই সেতু উড়িয়ে দিয়ে তাঁরা শুধু পাকিস্তান নয়, চিনকেও বড় ধাক্কা দিল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
