পায়েল মুখার্জী: ২০১৯-এর ভয়াবহ বউবাজার বিপর্যয়ের পর দীর্ঘ সাত বছরের অপেক্ষা। মেট্রো প্রকল্পের কাজের জেরে ঘরছাড়া হতে হয়েছিল দুর্গা পিতুরি লেন, স্যাঁকরা পাড়া লেন, মদন দত্ত লেন, হিদারাম ব্যানার্জি স্ট্রিট-সহ এলাকার বহু পরিবারকে। একের পর এক বাড়িতে ফাটল, কোথাও আবার চোখের সামনে ধসে পড়েছিল আস্ত বাড়ি। রাতারাতি জন্মভিটে ছেড়ে হোটেল, পরে KMRCL-এর দেওয়া অস্থায়ী আবাসনেই কেটেছে বছরের পর বছর।
অবশেষে দুর্গাপুজোর মুখে সেই অপেক্ষার অবসান। বউবাজারের ভিটেহারা পরিবারগুলির হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বাড়ির চাবি। পুরনো বাড়ি যেখানে ধসে পড়েছিল, সেই এলাকাতেই তৈরি হচ্ছে নতুন ও আরও মজবুত আবাসন।
স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে জানিয়েছেন, প্রথম পর্যায়ে ১৭-১৮টি পরিবারের হাতে বাড়ি তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ৫-৬টি দোকানকেও পুনর্বাসন দেওয়া হবে। সবমিলিয়ে তৈরি হচ্ছে ২৭টি বাড়ি। বর্তমানে প্রায় ২৫টি পরিবার এখনও KMRCL-এর দেওয়া আবাসনে রয়েছেন। তাঁদেরও ধাপে ধাপে বউবাজারে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
২০২৫ সালের অগাস্টে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমও মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর ২০২৬-এর পুজোর আগে বহু পরিবারকে নতুন বাড়িতে ফেরানোর আশ্বাস দিয়েছিলেন। এবার পুজোর মুখে নতুন ঠিকানা পেল একাধিক পরিবার। দীর্ঘ অপেক্ষার পর বউবাজারে ফিরল হারানো ‘ভিটে’র অধিকার।
