নিজস্ব প্রতিনিধি : চোখ ধাঁধানো আলো, বিশাল প্রতিমা আর কয়েকশো বছরের ঐতিহ্য—চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আকর্ষণ বরাবরই আলাদা। তবে এবছর প্রাচীন ফরাসডাঙা তথা অধুনা চন্দননগরের জগদ্ধাত্রী উৎসবের আবহে বাড়তি মাত্রা যোগ করেছে রাজনীতি ও ভক্তির এক অভিনব সমীকরণ। একদিকে মহাভারতের ১৮ অধ্যায়ের প্রেক্ষাপটে ‘অক্ষৌহিনী’ ভাবনায় সেজেছে আদি হালদারপাড়ার মণ্ডপ, অন্যদিকে নবমীর রাতে নিজের বুক চিরে রক্ত দিয়ে পুজো করে আলোচনায় উঠে এসেছেন ওই পুজো কমিটির সভাপতি তথা চুঁচুড়ার বিধায়ক দীপাঞ্জন গুহ।
প্রায় ৩০০ বছরের প্রাচীন আদি হালদারপাড়ার জগদ্ধাত্রী পুজোয় এবার মণ্ডপসজ্জার মূল আকর্ষণ মহাভারত। কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে মহাকাব্যের নানা গুরুত্বপূর্ণ চরিত্র, ধর্ম-অধর্ম এবং ন্যায়-অন্যায়ের দ্বন্দ্ব—শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে মহাভারতের বিস্তৃত আখ্যান। ঐতিহ্যের সঙ্গে অভিনব ভাবনার এই মেলবন্ধন দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে। অন্যদিকে, নবমীর রাতে প্রথমে নিজের পুজো কমিটির মণ্ডপে আরতি সারেন চুঁচুডা়র বিধায়ক দীপাঞ্জন গুহ। পরে চাউলপট্টির আদি মার পুজোয় গিয়ে ভক্তদের সামনে নিজের বুক চিরে রক্ত দেন তিনি। তাঁর এই আচার ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা ইন্দ্রনীল সেনকে পরাজিত করে বিধায়ক হন দীপাঞ্জন। এরপর থেকেই চন্দননগরের পুজো ও নাগরিক উদ্যোগে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে তাঁকে। কখনও রাস্তায় নেমে ট্রাফিক নিয়ন্ত্রণ, কখনও পুজো পরিচালনায় সহযোগিতা—বিভিন্ন ভূমিকায় ধরা দিয়েছেন তিনি। এবার জগদ্ধাত্রী পুজো রাজ্য উৎসবের স্বীকৃতি পাওয়ার পর ঐতিহ্য ও আয়োজন, দুইয়ের মেলবন্ধনে নতুন করে সেজেছে চন্দননগর। তারই মধ্যে ‘অক্ষৌহিনী’ এবং বিধায়কের রক্তদানের ঘটনা ঘিরে এবারের পুজোয় বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।
