নিজস্ব প্রতিনিধি: জানুয়ারি মাসে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ১৯তম প্রবাসী ভারতীয় সম্মেলন। উল্লেখ্য, এই প্রথমবার প্রবাসী ভারতীয় সম্মেলনের আয়োজন করা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে। নিউটাউনে আয়োজিত এই মেগা ইভেন্টে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী ভারতীয়রা কলকাতায় সমবেত হবেন। তার আগেই এই সম্মেলনকে দেশের সেরা করার চ্যালেঞ্জ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নয়া দিল্লিতে প্রবাসী ভারতীয় সম্মেলনের অফিশিয়াল ওয়েবসাইট উদ্বোধন করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর জন্য ঝটিকা সফরে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বছর বাংলাকে এই সম্মেলনের জন্য বেছে নেওয়ার জন্য গর্বিত মুখ্যমন্ত্রী। বললেন, এই অনুষ্ঠানকে সাফল্যের দিক থেকে 'সেরার সেরা' করে তোলার চ্যালেঞ্জ নিলাম।
২০১৫ সাল থেকে প্রতি বছর প্রবাসী ভারতীয় সম্মেলনের আয়োজন করা হচ্ছে। প্রতিবার কোনও না কোনও রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে এই সম্মেলন করে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। ২০২৭-এর ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষ্যে এই সম্মেলন হবে নিউটাউনে। এদিন অফিশিয়াল ওয়েবসাইট লঞ্চ অনুষ্ঠানে জানানো হয়েছে, ট্যুরিজম প্যাকেজ, শপিং-এর জায়গা, ধর্মীয় স্থান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ট্রাভেল এজেন্ট সহ সব তথ্যই দেওয়া হবে ওই ওয়েবসাইটে। পাশাপাশি প্রবাসীদের থাকার ব্যবস্থা-সহ সবরকম তথ্য থাকবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বিদেশমন্ত্রী বলেন, “কলকাতা শুধু ভারতের সংস্কৃতির ঐতিহ্য বহন করে না, প্রবাসী ভারতীয়দের চালচিত্র গঠনে কলকাতা তথা বাংলার অবদান অপরিসীম। উল্লেখ্য, মূল সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিনের অনুষ্ঠান শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল ও সিপিএমকে বিঁধে বলেন, ৪৯ বছর বাংলায় কেন্দ্র ও রাজ্যের একই সরকার ছিল না। এর ফলে কোনও ইচ্ছাও দেখা যায়নি। কোনও অনুষ্ঠান করতে বলা হলে, তা করা হত না।
