নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়িতে রাসমেলায় আগেই উত্তরবঙ্গ সফরে যাবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে জানা যাচ্ছে আগামী ২৫ নভেম্বর কোচবিহার সফরে গিয়ে রাসমেলার সূচনায় যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। তাই এবারের রাসমেলাকে আরও রঙিন করতে সাজ সাজ রব কোচবিহারে। পাশাপাশি কোমর বেঁধেছে জেলা প্রশাসনও। এবারের রাসমেলার সূচনা পর্ব স্মরণীয় করে রাখতে লেজার-শো থেকে শুরু করে আতসবাজি প্রদর্শনীর ব্য়বস্থা করতে চলেছে প্রশাসন। তবে কোচবিহার জেলা প্রশাসন জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও ২৪ নভেম্বর ঐতিহ্যবাহী মদনমোহন ভবনে রাস উৎসবের সূচনা হবে। আর রাসমেলার সূচনা হবে পরের দিন। মঙ্গলবারই কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতি রাভা রায়।
এই বৈঠকে ঐতিহ্যবাহী রাসমেলাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য একাধিক পরিকল্পনা গ্রহন করা হয়েছে। রাসমেলার সময় হেরিটেজের তালিকায় থাকা স্থাপত্যগুলোকে আলোকিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেমনই নতুন ওয়েবসাইটও চালু করা হবে। কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস জানান, এবারের রাসমেলা ২১৪ বছরে পদার্পন করছে। নতুন বিজেপি সরকার বাংলার ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে চায়। একটি ওয়েবসাইট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে রাসমেলা সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে। তাছাড়া বহু ব্যক্তি যাঁরা কোচবিহারে ছিলেন, এখন বিভিন্ন কাজে বাইরে রয়েছেন, তাঁদের কাছেও রাসমেলার খুঁটিনাটি বিষয়গুলি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের রাসমেলার সময় সাগরদিঘি পাড়ে যাতে আরতির আয়োজন করা যায়, সেই বিষয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে।
রাজ্যের মন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছেন, রাসমেলা উত্তর-পূর্ব ভারতের অন্যতম বৃহৎ মেলা হিসাবে পরিচিত। প্রথমবার স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে গৌরীমেলার আয়োজন করা হবে রাসমেলা চত্বরেই। এবং তারজন্য স্টেডিয়াম চত্বরে অন্তত ৫০টি স্বনির্ভর গোষ্ঠীর স্টল থাকবে। শহরজুড়ে আলোকসজ্জা এবং সিসি ক্যামেরায় নজরদারির যাতে আরও বাড়ানো যায়, সেই বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রাসমেলার সময় হেরিটেজের তালিকায় থাকা কোচবিহারের স্থাপত্যগুলোকে আলোকিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
