নিজস্ব প্রতিনিধি: বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমের পর এবার টার্গেট ডায়াগনস্টিক সেন্টার। পরিবর্তনের বাংলায় নবগঠিত ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের অভিযান চলছেই। তবে এবার অভিনব উদ্যোগ নিলেন কমিশনের চেয়ারপার্সন তথা প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু। নিজের এক সহযোগীকে রোগী সাজিয়েছিলেন, আর নিজে সেজেছিলেন তাঁর আত্মীয়। এই ভাবেই বর্ধমান শহরের খোসবাগান এলাকার এক ডায়াগনস্টিক সেন্টারে হানা দেন দু’জনে। সেখানে রক্ত পরীক্ষাও করান। মজার বিষয়, প্রাক্তন বিচারপতি যার রক্ত পরীক্ষা করিয়েছেন, তিনি কয়েকদিন আগেই কলকাতাতেও একই রক্ত পরীক্ষা করিয়েছিলেন। কিন্তু বর্ধমানের ওই ডায়াগনস্টিক সেন্টারে কর্মীরা তাঁর রক্ত সংগ্রহ করে বলেন, একটু বসুন কিছুক্ষণের মধ্যেই রিপোর্ট পেয়ে যাবেন। সেই রিপোর্ট দেখে চোখ কপালে ওঠে প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর। সহজেই বুঝে যান যে রিপোর্টটি ভুয়ো। এরপরেই দিলেন নিজের পরিচয়।
ওই ডায়াগনস্টিক সেন্টারের কর্মীদের জেরা করতেই সবটা ফাঁস হয়ে যায়। কর্মীরা স্বীকার করেন, এত সকালে সেন্টারে কোনও চিকিৎসক বা টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না। তাই কোনও পরীক্ষা না করেই মনগড়া রিপোর্ট তৈরি করা হয়েছে। বর্ধমানের খোসবাগানে বসতবাড়ির মধ্যেই গড়ে ওঠা ওই ডায়াগনস্টিক সেন্টারটি পরে খুঁটিয়ে পরিদর্শনও করেন প্রাক্তন বিচারপতি। তাতে দেখা যায়, সেখানে যথাযথ পরিকাঠামো নেই। এমনকি প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই। পরে ক্ষোভ উগড়ে দিয়ে প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ‘একটা স্পেসিফিক কমপ্লেন ছিল যে, সেখানে রক্তের পরীক্ষা ঠিকঠাক হয় না। খালি স্যাম্পলটা নেওয়া হয়। কিন্তু প্র্যাকটিক্যালি কোনও কিছু হয় না। তিনি আরও জানান, এটা প্রমান করতেই ছদ্মবেশ ধরতে হল।
