নিজস্ব প্রতিনিধি: ২০১৬ সালের ১৮ অক্টোবর হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছিল তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। সেই দুর্ঘটনায় অভিষেকের বাঁ চোখের নিচে এবং মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁকে দ্রুত কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। চোখের নিচের হাড় ভেঙে যাওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে সেখানে একটি টাইটানিয়াম প্লেট বসানো হয়েছিল এবং ১৩ দিন চিকিৎসার পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। দুর্ঘটনার নেপথ্যে কোনও চক্রান্ত ছিল কি না, তা খতিয়ে দেখতে রাজ্য সরকারের পক্ষ থেকে সিআইডি এবং কলকাতা পুলিশের এসটিএফ-কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও সেই তদন্তের অগ্রগতি সম্পর্কে খুব একটা জানা যায়নি, তবে ওই দুর্ঘটনার পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল। তাঁর পিসি তথা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন। সেই থেকে অভিষেকের নিরাপত্তার বাড়াবাড়ি গোটা বঙ্গবাসী প্রত্যক্ষ করেছিলেন। জেড প্লাস নিরাপত্তায় সাধারণত ৫৫ জন নিরাপত্তারক্ষী নিযুক্ত থাকেন। প্রধানমন্ত্রী বা সমতুল কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য এই নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন থাকে। যা শুধুমাত্র একজন সাংসদ হয়েই পেতেন অভিষেক।
রাজ্যে যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল ততদিন অভিষেকের জন্য জেড প্লাস নিরাপত্তা বহাল ছিল। সে সময় তিনি যখন কলকাতা বা আশেপাশের জেলায় কোনও সফরে যেতেন, তখন নিরাপত্তার কড়াকড়ি দেখে চোখ কপালে উঠতো সাধারণ মানুষের। কয়েক ঘণ্টা আগে থেকেই তাঁর গতিপথের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হতো। মাছিও গলতে দেওয়া হতো না। এতে যে তৃণমূলের প্রতি মানুষ বিরক্ত হচ্ছেন তা একান্তে স্বীকার করতেন তৃণমূল নেতারা। এমনকি এর প্রভাব ভোটেও পড়েছে বলে মেনে নিয়েছেন বহু তৃণমূল নেতা। রাজ্যে ক্ষমতার হাতবদল হতেই অভিষেকের নিরাপত্তা তুলে নেওয়া হয়। এখন প্রটোকল মেনে একজন সাংসদ যে নিরাপত্তা পান, সেটাই পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অভিষেক। রাজ্যের নতুন শাসকদল এবং মুখ্যমন্ত্রীকে নিশানা করে মাঝেমধ্যেই তাঁকে বিস্ফোরক অভিযোগ করতে শোনা যাচ্ছে। অভিষেকের মূল বক্তব্য, তাঁর ওপর নজরদারি চালানো হচ্ছে, তাঁর ফোন ট্যাপ করা হচ্ছে। আর সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশেই। যদিও এই দাবির প্রেক্ষিতে তিনি কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন তিনি। তবে সেটা তাঁর নিরাপত্তা নিশ্চিত করার জন্যও হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
এখন প্রশ্ন হল, বিধানসভা নির্বাচনে হেরে প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্যত মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন মাত্রাতিরিক্ত সরব। বিজেপি ও নির্বাচন কমিশনকে ঠুকতে গিয়ে তিনি আইন-আদালতের প্রতিও বিরুপ মন্তব্য করে বসছেন। তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই শোকজ নোটিশ জারি করেছে হাই কোর্ট। কিন্তু অভিষেকের থামার লক্ষন দেখা যাচ্ছে না। বরং তিনি আরও কড়া মন্তব্য করে বসেছেন। মঙ্গলবার আদালতের ওপর ভরসা আছে বোঝাতে গিয়ে তিনি বলেছেন, 'বাংলায় হেরেছি, কারণ সুপ্রিম কোর্টকে ভরসা করেছিলাম।' মামলার শুনানি চলাকালীন কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাও মন্তব্য করেছিলেন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন, তাঁর তালিকা দিন অভিষেক। কিন্তু এরপরও আদালত ও নির্বাচন কমিশনের দিকে একের পর এক মন্তব্য করে চলেছেন তৃণমূলের সাংসদ।
এখন প্রশ্ন হল, নিজের বিপদ নিজেই ডেকে আনছেন অভিষেক? আইনজীবীদের বক্তব্য, একজন সাংসদ হোক বা সাধারণ মানুষ, প্রত্যেকের বাক স্বাধিনতা রয়েছে। কিন্তু তা বলে এই নয় যে যা খুশি তাই বলা যাবে। ইতিমধ্যেই কলকাতা হাই কোর্ট অভিষেকের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে। যে হেতু বিষয়টি আদালতের বিচারাধীন সে হেতু দেখতে হবে আদালত এটাকে কিভাবে ব্যাখ্যা করে। তবে যদি অভিযোগ প্রামানিত হয়, তাহলে অভিষেকের জেল ও জরিমানা দুইই হতে পারে।
