কলকাতা লিগের পর এ বার IFA Shield-এর মঞ্চে ফের ডার্বি। মরশুমের তৃতীয় সাক্ষাতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তবে এ বারের লড়াইয়ের গুরুত্ব আরও বেশি—কারণ শিল্ডের পরই শুরু হবে ISL। ফলে ট্রফির পাশাপাশি ISL-এর আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের বড় সুযোগ দুই দলের সামনে।
চলতি মরশুমের পরিসংখ্যানে কিছুটা এগিয়ে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের গ্রুপপর্বে ১-০ গোলে মোহনবাগানের কাছে হারলেও ফাইনালে ৪-১ ব্যবধানে জয় তুলে নেয় লাল-হলুদ। কলকাতা লিগে অবশ্য মোহনবাগানের সিনিয়র দলকে ১-১ গোলে আটকে দেয় ইস্টবেঙ্গলের জুনিয়র দল।
IFA Shield-এ দুই দলই সিনিয়র ফুটবলার ও তিন বিদেশিকে নিয়ে মাঠে নামছে। গ্রুপপর্বে একটি ম্যাচ হারলেও সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ গোলে উড়িয়ে ফাইনালে পৌঁছেছে ইস্টবেঙ্গল। অন্যদিকে, অপরাজিত থেকে গ্রুপপর্ব শেষ করা মোহনবাগান সেমিফাইনালে পাঞ্জাব এফসির বিরুদ্ধে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় সবুজ-মেরুন। গোলপোস্টের নিচে বিশাল কাইথের পারফরম্যান্স ছিল দলের জয়ের অন্যতম কারণ।
তবে ISL-এর আগে মোহনবাগানের আক্রমণভাগের গোলের অভাব চিন্তার কারণ হতে পারে। বিপরীতে, বড় ব্যবধানে সেমিফাইনাল জিতে আত্মবিশ্বাসে এগিয়ে ইস্টবেঙ্গল। তাই যুবভারতীর এই ডার্বি হয়ে উঠতে পারে ISL-এর আগে দুই দলের শক্তি-দুর্বলতার প্রথম বড় পরীক্ষা।
৮ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু ম্যাচ। টেলিভিশনে নয়, ম্যাচ দেখা যাবে FanCode অ্যাপ ও ওয়েবসাইটে। স্মার্ট টিভিতেও FanCode অ্যাপের মাধ্যমে দেখা যাবে। তবে ম্যাচটির জন্য আলাদা সাবস্ক্রিপশন প্রয়োজন।
