নিজস্ব প্রতিনিধি: কালীপুজো এবং দিওয়ালির আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বিশেষ ঘোষণা করলো পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। দর্শনার্থীদের সুবিধা এবং গভীর রাতে যাতায়াতের সুবিধার্থে ছয় জোড়া অতিরিক্ত স্পেশাল ট্রেন দিল রেল কর্তৃপক্ষ। দুর্গাপুজোর কলকাতার মতোই কালীপুজোর রোশনাই ছড়িয়ে ছিটিয়ে থাকে জেলায় জেলায়। উত্তর ২৪ পরগনার বারাসত ও নৈহাটির মতো নদিয়ার শান্তিপুরে কালীপুজোর জন্যই বিখ্যাত। ফলে ঠাকুর দেখা নিয়ে ভক্তদের যাতে কোনও রকম সমস্যা না হয় তার জন্য পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন রাত্রীকালীন বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করে দিল। বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, শিয়ালদহ শাখায় আগামী ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর আপ ও ডাউনে মোট ৬ জোড়া বাড়তি ট্রেন চলবে।
কালীপুজো মানেই আলোর উৎবব। তাই দিনের থেকে রাতেই দর্শনার্থীদের ভিড় বেশি হয়। কলকাতা এবং আশেপাশের অঞ্চল থেকে বারাসত, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুরে যেমন দর্শনার্থীদের ঢল নামে তেমনই আবার শিয়ালদহ মেইন শাখার ব্যারাকপুর, নৈহাটিতে ভিড় জমান মানুষজন। তাঁরা যাতে নিরাপদে অনেক রাত পর্যন্ত নিশ্চিন্তে ঠাকুর দেখতে পান, সেকথা মাথায় রেখে বনগাঁ ও রানাঘাট শাখায় রাত্রীকালীন বিশেষ ট্রেন চালানো হবে। একনজরে দেখে নিন বিশেষ ট্রেনগুলির সময়সূচি –
আপ ট্রেন-
শিয়ালদহ – ডানকুনি: (রাত ১১টায় শিয়ালদহ ছেড়ে ডানকুনি পৌঁছবে রাত ১১টা ৪২ মিনিটে)
শিয়ালদহ-বারাসত: (রাত ১২টা ৫০ মিনিটে শিয়ালদহ ছেড়ে বারাসত পৌঁছবে রাত ১টা ৩৫ মিনিটে)
শিয়ালদহ-রানাঘাট: (রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ ছেড়ে রানাঘাট পৌঁছবে রাত ২টো ৩০ মিনিটে)
শিয়ালদহ-বারাকপুর: (রাত ১১টা ৩০ মিনিটে শিয়ালদহ ছেড়ে ব্যারাকপুর পৌঁছবে রাত ১টা ১৫ মিনিটে)
বারাসত-বনগাঁ: (রাত ১টা ৫০ মিনিটে বারাসত ছেড়ে বনগাঁ পৌঁছবে রাত ৩টে নাগাদ)
বারাসত-হাসনাবাদ:(রাত ১টা ১০ মিনিটে বারাসত ছেড়ে হাসনাবাদ পৌঁছবে রাত ২টো ৩৬ মিনিটে)
ডাউন ট্রেন-
ডানকুনি-শিয়ালদহ: (রাত ১১টা ৫৫ মিনিটে ডানকুনি ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১২টা ৩৭ মিনিটে)
বারাসত-শিয়ালদহ: (রাত ১টা ১০ মিনিটে বারাসত ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১টা ৫৫ মিনিটে)
রানাঘাট-শিয়ালদহ: (রাত ১১টা ৪৫ মিনিটে রানাঘাট ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১টা ৪০ মিনিটে)
বারাকপুর-শিয়ালদহ: (রাত ১২টা ৩০ মিনিটে ব্যারাকপুর ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১টা ১৫ মিনিটে)
বনগাঁ-বারাসত: (রাত ১১টায় বনগাঁ ছেড়ে বারাসত পৌঁছবে রাত ১২টা ১০ মিনিটে)
হাসনাবাদ-বারাসত: (রাত ১১টা ৩০ মিনিটে হাসনাবাদ ছেড়ে বারাসত পৌঁছবে রাত ১২টা ৫৬ মিনিটে)
শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, এই বিশেষ ট্রেনগুলি পথমধ্যে সমস্ত স্টেশনে দাঁড়াবে। উৎসবের সময় যাত্রীদের অপ্রত্যাশিত অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার জন্য শিয়ালদহ (উত্তর), রানাঘাট এবং বারাসতে চালকদল-সহ একটি করে ইএমইউ রেক তৈরি রাখা হবে। প্রয়োজন অনুযায়ী সেগুলি যাতে চালানো যায়। শিয়ালদহের ডিআরএম আরও জানিয়েছেন, কালীপুজোর সময় সম্ভাব্য অতিরিক্ত ভিড় ও স্টেশনে যানজট এড়াতে নৈহাটি জংশনে বিশেষ প্ল্যাটফর্মের ব্যবস্থা করা হয়েছে। আগামী ০৮, ০৯, ১০, ১১, ১২ এবং ১৩ নভেম্বর দুপুর ২টো থেকে মধ্যরাত পর্যন্ত নৈহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে কোনও ট্রেন ঢুকবে না, বের হবে না। এই সময়ে সংশ্লিষ্ট সমস্ত ট্রেন প্ল্যাটফর্ম নং ৫ ও ৬ থেকে পরিচালনা করা হবে। পাশাপাশি কালীপুজোর দিন এসি-লোকাল ট্রেন এবং অন্যান্য গ্যালোপিন ট্রেন সমস্ত স্টেশনে দাঁড়াবে।
