নিজস্ব প্রতিনিধি: অসমের কাজিরাঙায় ভয়াবহ দুর্ঘটনার মুখে পর্যটকবোঝাই মিনিবাস। মুখোমুখি সংঘর্ষ ট্রাকের সঙ্গে। এই সংঘর্ষে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। আহত একাধিক। অসম পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিনিবাসটি বোকাখাট থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। কাজিরাঙার কাছে রঙ্গাজান বলে একটি জায়গায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের অভিঘাত এতটাই জোরালো ছিল যে, ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। পাশাপাশি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেও কয়েকজনের মৃত্যু হয়। এমনকি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কাজিরাঙা জঙ্গল সংলগ্ন এলাকায় গতি সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি থাকলেও মিনিবাসটি অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল। উল্টোদিক থেকে কন্টেনার ট্রাকটি এসে পড়ায় চালক মিনিবাসের নিয়ন্ত্রণ হারান এবং সজোরে ধাক্কা মারেন। সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি সম্পূর্ণ দুমড়ে গিয়েছে। বহু যাত্রী গাড়ির ভিতরেই আটকে পড়েন। প্রথমে স্থানীয় বাসিন্দারা, পরে পুলিশ ও উদ্ধারকারী দল এসে যাত্রীদের বের করেন। অসমের গোলাঘাটের সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন,জঙ্গলের নিয়ম ভেঙে করে বাসটি অতিরিক্ত গতিতে চলার কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।
অপরদিকে, এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “কাজিরাঙার এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এই বিশাল ক্ষতি আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। যে পরিবারগুলি তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই। এই শোকের সময়ে সমগ্র অসম তাঁদের পাশে রয়েছে।” পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার বিষয়েও তিনি প্রয়োজনীয় নির্দেশিকা দিয়েছেন।
