নিজস্ব প্রতিনিধি: পঞ্জাবের অমৃতসর থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়িগামী কর্মভূমি এক্সপ্রেসে আগুন লেগেছে। রেল সূত্রে জানা গিয়েছে পঞ্জাবের সরাই বানজারা রেল স্টেশনের কাছে কর্মভূমি এক্সপ্রেসের চারটি কামরায় আগুন লাগে। চলন্ত ট্রেনের কামড়ায় আগুন লাগার ফলে যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়, শুরু হয় হুড়োহুড়ি। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দ্রুতই শুরু হয় উদ্ধারকাজ। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
রেল সূত্রের খবর, দুপুর দেড়টা নাগাদ অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী ১২৫০৮ নম্বর কর্মভূমি এক্সপ্রেসের ইঞ্জিনের দিক থেকে পঞ্চম কামরায় প্রথম আগুন নজরে আসে। এরপর পরবর্তী তিনটি কামরায় আগুন ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, ট্রেনের একাধিক কামরায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। অম্বালা ডিভিশনের সিনিয়র এক রেল আধিকারিক জানিয়েছেন, কোনও যাত্রীর মৃত্যুর খবর নেই। আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। আহতদের চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে। তবে কিভাবে আগুন লাগলো সেটা নিয়ে এখনই কিছু বলতে নারাজ রেল কর্তৃপক্ষ।
রেল জানিয়েছে, পুড়ে যাওয়া কর্মভূমি এক্সপ্রেসের কামরাগুলি ফরেন্সিক পরীক্ষা হবে। তাই ওই ট্রেন আর নিউ জলপাইগুড়ি পর্যন্ত আনা সম্ভব নয়। অন্য একটি ট্রেনের বন্দোবস্ত করে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।
