সোমবার, 23 নভেম্বর 2026 01:48 PM
ব্রেকিং
ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •  

হকার পুনর্বাসন? কেন্দ্রের সহযোগিতায় রাজ্যে ৫ ‘স্ট্রিট ফুড হাব’, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

হকার পুনর্বাসন? কেন্দ্রের সহযোগিতায় রাজ্যে ৫ ‘স্ট্রিট ফুড হাব’, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
নিজস্ব প্রতিনিধি : কলকাতার ফুটপাথের ফুচকা, হাওড়ার ঝালমুড়ি কিংবা আসানসোল-দুর্গাপুরের জনপ্রিয় স্ট্রিট ফুড—শহরের নিজস্ব স্বাদ আর ছোট ব্যবসায়ীদের জীবিকা এবার এক ছাদের তলায় আনার উদ্যোগ রাজ্য সরকারের। হকারদের কর্মসংস্থান সুরক্ষিত রেখে শহরের ফুটপাতকে চলাচলের উপযোগী করে তুলতে কেন্দ্রের সহযোগিতায় ‘স্ট্রিট ফুড হাব’ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টারের সঙ্গে বৈঠকে এই প্রকল্পের রূপরেখা নিয়ে আলোচনা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আপাতত কলকাতা, বিধাননগর, হাওড়া, আসানসোল-দুর্গাপুর এবং শিলিগুড়িতে এই হাব তৈরির পরিকল্পনা রয়েছে। প্রতিটি হাবের পরিকাঠামো গড়তে আনুমানিক চার কোটি টাকা খরচ হতে পারে।

এই উদ্যোগে শুধু খাবারের ব্যবসায়ীদের নয়, ফুল, জামাকাপড়-সহ অন্যান্য সামগ্রী বিক্রেতাদেরও বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার ভাবনা রয়েছে। বিক্রেতাদের পেশা অনুযায়ী তৈরি হবে বিশেষ ই-কার্ট। থাকবে সোলার প্যানেল, যার সাহায্যে পরিবেশবান্ধব ইন্ডাকশন ব্যবস্থায় রান্না করা যাবে। হাবগুলিতে আগুন জ্বালিয়ে রান্নার অনুমতি থাকবে না। পুনর্বাসনের ক্ষেত্রে সরকারি পোর্টালে নথিভুক্ত এবং টাউন ভেন্ডিং কমিটির তালিকাভুক্ত হকাররা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি প্রশিক্ষণ, ই-কার্ট এবং প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের ঋণের সুবিধাও দেওয়ার পরিকল্পনা রয়েছে।


মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, দুর্গাপুর ইতিমধ্যেই ‘প্রধানমন্ত্রী স্বনিধি সম্মান’ পেয়েছে। এবার সেই প্রকল্পে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ১৫ হাজার, ২৫ হাজার এবং ৫০ হাজার টাকা পর্যন্ত ধাপে ধাপে ঋণের সুযোগ দেওয়া হবে। কাজেই ‘স্ট্রিট ফুড হাব’ গড়ার পরিকল্পনা সফল হলে ফুটপাতের অস্থায়ী দোকান থেকে হকারদের জীবনে আসতে পারে স্থায়িত্ব, আর শহরের ব্যস্ত রাস্তা ফিরে পেতে পারে হাঁটার স্বস্তি। একদিকে হকারের হাঁড়িতে রুজির আঁচ, আর অন্যদিকে ফুটপাতে পথচারীর অধিকার—এই দুইয়ের সমন্বয়ে এক নতুন শহরের আশায় রাজ্যবাসী।