নিজস্ব প্রতিনিধি: শনিবার খড়্গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আবারও ‘বিকশিত ভারতের’ স্বপ্ন বাস্তবায়নের কথা শোনালেন প্রধানমন্ত্রী। বললেন, “আইআইটি খড়্গপুর ভারতের বহু পরিবর্তনের সাক্ষী। ৭৫ বছরে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনে পৌঁছে গিয়েছে ভারত"। পাশাপাশি বাংলার মাটিতে দাঁড়িয়েই বিগত বাম জমানাকে তীব্র আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি।
খড়্গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি বা প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান, প্রধান আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বাংলার গৌরবময় ইতিহাস স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গের মাটি এমন মাটি, যেখানে নতুন ভাবনা জন্ম নিয়েছে। পশ্চিমবঙ্গ স্বাধীনতা সংগ্রামের জায়গা। স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের দেশকে উঁচুতে দেখতে চেয়েছিলেন। তাঁদের সেই আকাঙ্খা থেকে আজকের আত্মনির্ভরতার এই সফরই হলো বিকশিত ভারতের আসল শক্তি।” খড়্গপুর আইআইটি প্রসঙ্গে তিনি বলেন, “ভারতের প্রথম সাধারণ নির্বাচনের আগে আইআইটির জন্ম। আইআইটির পড়ুরারা দেশ গড়ার কাজে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন।”
এরপরই তিনি চলে আসেন পশ্চিমবঙ্গের শিল্প ক্ষেত্র পিছিয়ে পড়ার ইতিহাসে। তাৎপর্যপূর্ণভাবে এদিন প্রধানমন্ত্রীর নিশানায় বারবার এসেছে বিগত বাম জমানার কথা। নরেন্দ্র মোদির বিস্ফোরক দাবি, পঞ্চাশ বছর আগেই ভারতে সেমিকন্ডাক্টর তৈরির সংস্থা এসেছিল, কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর বক্তৃতার সারবত্তা হলো বিগত সরকারগুলি নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্য বারবার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এসেছে। তিনি ক্ষমতায় এসে সেটাই পরিবর্তন করতে সচেষ্ট। মোদি বলেন, চ্যালেঞ্জকে পাল্টা চ্যালেঞ্জ জানানোই তাঁর স্বভাব।
মোদির কথায়, অনেক সময় মানুষ খুব দ্রুত সন্তুষ্ট হয়ে পড়ে এবং সীমাবদ্ধ বিশ্বাসের কারণে নিজের স্বপ্ন ও প্রতিভাকে গণ্ডির মধ্যে আটকে ফেলে। কিন্তু গত কয়েক বছর ধরে ভারত সেই সমস্ত সীমা ভেঙে এগিয়ে যাওয়ার তত্ত্বে বিশ্বাসী হয়ে উঠেছে। বিশ্ব ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টের উল্লেখ করে l প্রধানমন্ত্রী বলেন, ভারত ইতিমধ্যেই ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে বের করে এনেছে। তরুণ প্রজন্ম তথা জেন জি-দের উদ্দেশ্যে ‘ব্রেক দ্য লিমিটের’ বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর আর্জি, এই ঐতিহাসিক প্রাঙ্গণ থেকেই বিকশিত ভারত নির্মাণের কাজ পুরোদমে শুরু হোক।
