নিজস্ব প্রতিনিধি: মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও দুটি ইউনিট স্থাপনের পরিকল্পনা করছে রাজ্য সরকার। বৃহস্পতিবার এ নিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি-র উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের শ্রম এবং পরিবহন দফতরের মন্ত্রী অর্জুন সিং এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এদিনের আলোচনায় তাঁরা ডিভিসি আধিকারিকদের কাছে প্রস্তাব দিয়েছেন আর দুটি ইউনিট যাতে স্থাপন করা যায়। এর ফলে মেজিয়া এবং সংলগ্ন এলাকার মানুষদের কর্মসংস্থানের পাশাপাশি শিল্প চিত্রের উন্নতি হবে। পাশাপাশি মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা আরও ১৬০০ মেগাওয়াট বৃদ্ধি পাবে। যা রাজ্যের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে প্রস্তাবিত দুটি ইউনিট স্থাপনের চূড়ান্ত অনুমোদন, প্রকল্পের কাজ শুরুর সময়সীমা এবং মোট ব্যয় সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি। এদিনের বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন, মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নতুন দুটি ইউনিট স্থাপনের পরিকল্পনার পাশাপাশি ডিভিসির কর্মীদের কল্যাণ, তাঁদের সুযোগ-সুবিধার উন্নতি এবং কর্মপরিবেশ আরও উন্নত করার বিষয়েও আলোচনা হয়েছে। রাজ্যের পরিবহণ এবং শ্রমমন্ত্রী অর্জুন সিং এ বিষয়ে ডিভিসি-র আধিকারিকদের আশ্বাস দিয়েছেন।
দেশ
মেজিয়ায় আরও দুটি ইউনিটের প্রস্তাব, ১৬০০ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ
