নিজস্ব প্রতিনিধি: মাত্র ছয়মাস হল রাজ্যে বিপুল সংখ্যাগড়িষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এরমধ্যেই পাঁচ-পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটে গেল পশ্চিমবঙ্গে। যা নিয়ে শাসক ও বিরোধীদের মধ্যে তরজাও তুঙ্গে রয়েছে। রবিবার বীরভূমের নানুরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে রতন শেখ নামে এক অভিযুক্তর। মাত্র ৪৮ ঘণ্টা আগেই সে বীরভূমের শান্তিনিকেতনে এক পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসের ওপর গুলি মেরে চম্পট দিয়েছিল। এবার পুলিশের গুলিতেই মৃত্যু হল তাঁর। পুলিশের দাবি ছিল, ধরা পড়ার পর রতন শেখ নামে ওই দুস্কৃতি তদন্তকারীদের জানান, নানুরের কাছে একটি ইটভাটায় সে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছে। সে আগ্নেয়াস্ত্র দিয়ে সে গুলি ছুঁড়েছিল শান্তিনিকেতন থানার এক কনস্টেবলকে।
ফলে রবিবার রাতেই ধৃত রতনকে সঙ্গে নিয়ে ওই ইটভাঁটায় যান তদন্তকারীরা। বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশের দাবি, এটা কুখ্যাত দুস্কৃতি রতনের একটা ফাঁদ ছিল হয়তো। ওই ইটভাঁটায় রতনের বলে দেওয়া জায়গায় যখন অস্ত্র উদ্ধারে ব্যস্ত পুলিশকর্মীরা ঠিক তখনই রতন একটি ঝোপ থেকে রিভালভার বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। গুলি লাগে পুলিশের একটি গাড়িতে। তখনই আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই রতন শেখের গায়ে তিনটি গুলি লেগেছে।
বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশের আরও দাবি, অভিযুক্ত রতন শেখ গত ১৩ নভেম্বরই জেল থেকে ছাড়া পেয়েছিল। তাঁর বিরুদ্ধে চুরি, জাকাতি-সহ অস্ত্র আইন, বিস্ফোরক আইনে গুরুতর ধারায় ৩৬টি মামলা বিচারাধীন। তাঁর বিরুদ্ধে তদন্তও চলছিল। পুলিশ সুপার জানান, ১৫ নভেম্বর বিশ্বস্ত সুত্রে খবর পেয়েই বর্ধমানের একটি জায়গা থেকে রতন শেখকে পুলিশ ধরে। এরপর তাঁকে দফায় দফায় জেরা করা হয়েছিল। তখনই সে স্বীকার করে যে শান্তিনিকেতনের লায়েক বাজারে পুলিশকর্মীর ওপর গুলি চালানোর কথা। এবং অস্ত্রটি কোথায় লুকিয়ে রেখেছে সেটাও জানায়। তাঁর বয়ানের ওপর ভিত্তি করেই পুলিশ তাঁকে নানুরের একটি ইটভাটার কাছে নিয়ে যায়।
উল্লেখ্য, অভিযুক্ত রতন শেখের গুলিতে আহত কনস্টেবল বিশ্বজিৎ দাস এখন কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। রবিবারই তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি সাংবাদিকদের সাফ জানিয়েছিলেন, ‘পুলিশকে গুলি করলে কি বাতাসা খাওয়াবে?’ যদিও এর আগেও এনকাউন্টারের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পুলিশকে খোলা হাত দেওয়া আছে অপরাধ দমনে জন্য। কার্যক্ষেত্রেও দেখা যাচ্ছে, আক্রান্ত হলে পাল্টা গুলি চালাচ্ছে পুলিশ। যদিও বীরভূমের পুলিশ সুপার স্পষ্ট করেছেন,পুরো ঘটনাটির নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত নিশ্চিত করতে জাতীয় মানবাধিকার কমিশন, আদালত এবং আইনি বিধান কঠোরভাবে মেনে চলা হচ্ছে।
