নিজস্ব প্রতিনিধি: একজন ইতিমধ্যেই পুলিশ হেফাজতে, অন্যজনের বিরুদ্ধেও এবার দায়ের হল মামলা। একজন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং দ্বিতীয়জন হলেন প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু। ধর্ষণ, যৌন হেনস্থা, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর অভিযোগে এবার দুজনের বিরুদ্ধেই বাগুইহাটি থানায় জিরো এফআইআর দায়ের করা হয়েছে। কয়েকদিন আগেই অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ৩ নির্যাতিতা মহিলা। তাঁদের তরফে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখতে তদন্তের আবেদন জানিয়ে রাজীব সরকার নামে এক সমাজকর্মী এই জ়িরো এফআইআর দায়ের করেছেন। সূত্রের খবর, প্রাক্তন দুই মন্ত্রী ছাড়াও একাধিক সরকারি আধিকারিকের নাম রয়েছে ওই এফআইআরে। বাগুইহাটি থানা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই অভিযোগটি সংশ্লিষ্ট থানাগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বলে রাখি, জিরো এফআইআর হল এমন একটি পদ্ধতি, যা অপরাধের ঘটনাস্থল যে থানা এলাকার অন্তর্গত নয়—এমন কোনও থানায় দায়ের করা যায়। ভুক্তভোগী বা অভিযোগকারী নিজের নিরাপত্তা বা সুবিধামতো যে কোনও থানায় গিয়ে অভিযোগ জানাতে পারেন। ঘটনা অন্য থানা বা রাজ্যের আওতায় হলেও পুলিশ জিরো এফআইআর নিতে বাধ্য থাকে এবং পরে তা মূল থানায় স্থানান্তর করে।
জানা গিয়েছে, গত ১২ নভেম্বর বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীনে বাগুইআটি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে ওই অভিযোগপত্রটি পেশ করেছিলেন সমাজকর্মী রাজীব সরকার। ওইঅভিযোগপত্রে ধর্ষণের চেষ্টা, যৌন হেনস্থা, তোলাবাজি এবং ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মতো একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। অপররাধের গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলেই খবর। পাশাপাশি যে সমস্ত সরকারি আধিকারিকদের নাম এই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, তাঁদের ভূমিকা কী ছিল, তাও তদন্তের আওতায় আনা হচ্ছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে সমাজকর্মী রাজীব সরকার বলেন, অভিযোগ প্রত্যাহারের জন্য তিন অভিযোগকারীর উপর ব্যাপক চাপ আসছিল। তাঁদের মধ্যে একজন ইতিমধ্যেই আত্মগোপন করেছেন। আমার কাছে এই সংক্রান্ত মামলার তথ্য এসেছিল। সেই তথ্যের ভিত্তিতে বাগুইআটি থানায় জিরো এফআইআর দায়ের করেছি।
উল্লেখ্য প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ইতিমধ্যেই পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর পাস বিক্রি করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। অন্যদিকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গে এখনও মুখ খোলেননি। তবে রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, যাঁরা অভিযোগ করছেন তাঁরা মুখ খুলছেন। পুলিশ এ বিষয়ে যথাযথ তদন্ত করবে। কোনও রাজনৈতিক প্রভাব থাকবে না।
