কলকাতা: উপনির্বাচনের ফলাফলের পরদিনই রাজনৈতিক তরজা আরও তীব্র। মুখ্যমন্ত্রীকে নিশানা করে নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের মন্তব্যের পাল্টা এবার সরব হলেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ।
হুমায়ুন কবীরের মন্তব্যকে সরাসরি ‘মিথ্যাচার’ বলে আক্রমণ করেন সজল ঘোষ। তাঁর দাবি, হুমায়ুন কবীরের কথায় বাংলার মানুষ যেন বিভ্রান্ত না হন।
সজল ঘোষ বলেন, “এটা হুমায়ুন কবীরের মিথ্যাচার। বাংলার মানুষের কাছে আবেদন, এই কুমীরের কান্নায় কেউ যেন ভুল না বোঝেন।”
সংখ্যালঘু ভোট নিয়েও হুমায়ুন কবীরকে কটাক্ষ করেন বিজেপি বিধায়ক। তাঁর দাবি, নওদায় সংখ্যালঘু ভোট হুমায়ুন কবীরের পক্ষে এককভাবে যায়নি, বরং সেই ভোট বিভক্ত হয়েছে।
পাশাপাশি হুমায়ুন কবীরের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন সজল ঘোষ। তাঁর দাবি, গত কয়েক মাসে মানুষ তাঁর ‘আসল পরিচয়’ বুঝে গিয়েছেন।
মুখ্যমন্ত্রীকে নিয়ে অতীতে হুমায়ুন কবীরের মন্তব্যের প্রসঙ্গ তুলে সজল ঘোষ বলেন, রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা তিনি বহুবার বলেছেন, আবার ফিরে এসেছেন। তাঁর কথার কোনও রাজনৈতিক মূল্য নেই বলেও দাবি করেন বিজেপি বিধায়ক।
তবে সজল ঘোষের বক্তব্যের সবচেয়ে কড়া অংশ আসে তাঁর ‘ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে’ মন্তব্যে। একইসঙ্গে বাংলায় হিন্দু-মুসলমানের সম্প্রীতির কথাও তুলে ধরেন তিনি।
সজল ঘোষের কথায়, “এই বাংলায় আমরা হিন্দু-মুসলমান একসঙ্গেই বড় হয়েছি। কিছু সাম্প্রদায়িক নেতার জন্যই আমাদের মধ্যে ভাইয়ে ভাইয়ে বিভেদ তৈরি হয়েছে।”
হুমায়ুন কবীরের পাল্টা বক্তব্য কী, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
