নিজস্ব প্রতিনিধি: বিসলেরির পানীয় জলের নমুনায় মিলেছে ক্যানসার সৃষ্টিকারী সম্ভাব্য উপাদান। ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ এফএসএসএআই পরপর দুবার ওই সংস্থার প্যাকেটজাত পানীয় জলের নমুনা পরীক্ষা করে নিরাপদ নয় বা বিপজ্জনক বলে জানিয়েছিল। সমাজমাধ্যমের এক পোস্টে খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছিল, ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬’-এর অধীনে প্যাকেটজাত পানীয় জল সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে তাঁরা বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা মামলা শুরুর অনুমোদন দিয়েছে। এরপরই দেশজুড়ে শুরু হয় বিতর্ক। অবশেষে এই বিষয়ে মুখ খুলল প্যাকেটজাত পানীয় জলের উৎপাদনকারী সংস্থা বিসলেরি। সংস্থাটির দাবি, পান করার জন্য সম্পূর্ণ নিরাপদ তাঁদের প্যাকেটজাত পানীয় জল। তাঁদের আরও দাবি, পরবর্তী কালে স্বতন্ত্র পরীক্ষায় দেখা গিয়েছে, তাদের জলে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে।
বিতর্কের সূত্রপাত রবিবার। ‘বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড’-এর বিরুদ্ধে এফএসএসএআই আইনি পদক্ষেপ গ্রহণের অনুমতি দেওয়ার পর দেশজুড়ে হইচই পড়ে যায়। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার এবং ইউএস ইপিএ-সহ বিশ্বব্যাপী স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক বিভিন্ন সংস্থা বিসলেরির জলে পাওয়া ব্রোমেটকে এমন একটি উপাদান হিসেবে চিহ্নিত করেছে, যা মানুষের শরীরে ক্যানসার বাসা বাঁধতে পারে। এই নামী সংস্থার প্যাকেটজাত পানীয় জল স্থানীয় মুদি দোকান থেকে শুরু করে বাস, রেলস্টেশনে কিনতে পাওয়া যায়। এর গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় অনেকেই আতঙ্কিত।
এই আবহে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে প্যাকেটজাত পানীয় জল প্রস্তুতকারী সংস্থাটি জানিয়েছে, বিষয়টি তাঁদের গোয়ার কারখানায় সেপ্টেম্বর মাসে উৎপাদিত একটি ব্যাচের সঙ্গে সম্পর্কিত। তাঁদের দাবি, গত ৩০ সেপ্টেম্বর এফএসএসএআই তাদের গোয়ার উৎপাদনকেন্দ্র থেকে ছ’টি নমুনা সংগ্রহ করেছিল, যার মধ্যে পাঁচটি নমুনা পরীক্ষায় পাস করে। একটি নমুনায় ব্রোমেটের মতো ক্ষতিকর পদার্থ পাওয়া যায়। সংস্থার দাবি, একই নমুনা তাঁরা এফএসএসএআই-অনুমোদিত অন্য একটি ল্যাবরেটরিতে স্বাধীন ভাবে পরীক্ষা করিয়েছিল। তাতে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া গিয়েছে। যদিও পরীক্ষার ফলাফলের এই পার্থক্য নিয়েও এখন প্রশ্ন উঠছে।
