নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবার রাতে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল কালীঘাটে। পরদিন ছিল তৃণমূল সাংসদ তথা মমতা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। মধ্যরাতে অভিষেকের অনুগামীরা কালীঘাটে তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন জন্মদিন সেলিব্রেশনের জন্য। কিন্তু অদূরেই কালীঘাট পটুয়াপাড়া, সেখান থেকে কালী প্রতিমা আনার জন্য পুজোকমিটি গুলির ব্যস্ততাও ছিল। অভিষেকের বাড়ির সামনে জড়ো হওয়া ভিড়ের চাপে তখন আটকে গিয়েছে বহু গাড়ি। এই সময়ই পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে শুরু করে। অভিষেকের অনুগামী এবং প্রতিমা আনতে যাওয়া একদল যুবকের মধ্যে শুরু হয়ে যায় তর্কাতর্কি। এরমধ্যেই বিজেপির কর্মী-সমর্থকরাও সেখানে উপস্থিত হন। তাঁদের সঙ্গে বচসা, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন অভিষেক অনুগামীরা। গোটা রাত জুড়েই দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
সেই ঘটনা প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো তথা সাংসদ অভিষেককে কড়া ভাষায় কটাক্ষ করলেন তিনি। শুভেন্দুর কথায়, কালীঘাটের ওই এলাকায় দীর্ঘদিন ধরে অসভ্যতামি চলছিল এবং যার দরুন পটুয়াপাড়ার মৃৎশিল্পীরা তাঁদের তৈরি প্রতিমা বিক্রি পর্যন্ত করতে পারছিলেন না। এরপরই কটাক্ষের সুরে তিনি বলেন, ‘‘ওঁরা হয়তো ভেবেছিলেন যে এখনও রাজ্যে আগের রাজত্বটাই চলছে। এতদিন ধরে যেভাবে গুন্ডামি করে এসেছেন, এখনও ঠিক তেমনই চালিয়ে যাবেন। কিন্তু বর্তমান সরকারের জমানায় এই সমস্ত অরাজকতা আর বরদাস্ত করা হবে না।’’
মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, এখন দুজনেই পাড়ার বাইরে বেরতে পারছেন না। রাজ্যে দুষ্কৃতী ও গুন্ডাদের কোনও ঠাঁই নেই এবং সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এখানেই শেষ নয়, তিনি ক্ষতিগ্রস্ত কালীঘাট পটুয়া পাড়ার মৃতশিল্পীদের পাশে দাঁড়াবেন বলেও জানিয়ে দিয়েছেন। অন্যদিকে, ১৩ বছরের পুরনো মামলায় সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে দিল্লি পুলিশের হাজির হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমে বলেন, দিল্লি পুলিশের মামলার বিশদ তথ্য তাঁর জানা নেই। কিন্তু এরপরেই শুভেন্দুর বিস্ফোরক দাবি, ‘‘নির্বাচনের সময় উনি নিজের হলফনামায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। স্ক্রুটিনির সময় একাধিক প্রার্থী এই নিয়ে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তৎকালীন রিটার্নিং অফিসার সেই আপত্তি খারিজ করে দেন। প্রসঙ্গত, দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের হওয়া পুরোনো একটি মামলায় মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল। সরকারি কাজে বাধা দান, সরকারি আধিকারিকদের ওপর আক্রমণ ও হেনস্থার অভিযোগ রয়েছে ওই মামলায়।
