নিজস্ব প্রতিনিধি: এবার থেকে সরকারি চাকরির পরীক্ষায় আবেদনের জন্য আর কোনও ফি দিতে হবে না। সোমবার নবান্ন থেকে এই বিষয়ে সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে বসেছিল মন্ত্রিসভার বৈঠক। তাতেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণতার পরিচয়।” শুভেন্দু অধিকারী এই ঘোষণা করায় রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী স্বভাবই খুশি হবেন। উল্লেখ্য, বিগত তৃণমূল সরকারের আমলে দীর্ঘসময় সরকারি চাকরির পরীক্ষা হয়নি। যেটুকু হয়েছে তাতেও গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছিল। কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরিও গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পরই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, এবার চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে হবে। এবার বিজেপি সরকার পরীক্ষা ফি-ও মুকুব করা হল।
সোমবার মুখ্যমন্ত্রী জানান, জেনারেলদের জন্য কলেজ সার্ভিস কমিশনে আবেদনে সবচেয়ে বেশি ফি দিতে হয়। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রেও ৫০০ টাকা দিতে হয়। বেকার যুবক যুবতীদের আর টাকা দিয়ে আবেদন করতে হবে না। রাজ্য সরকারই এবার থেকে পরীক্ষার সমস্ত খরচ বহন করবে। তাঁর মতে, চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণতার পরিচয়। এই ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন দফতরে নতুন নিয়োগের কথাও জানিয়েছেন। তিনি জানান, “রাজ্যে মোট ১০ হাজার ১৪৭ কর্মী নিয়োগ করা হবে। স্বাস্থ্য-সহ বিভিন্ন দপ্তরে নিয়োগ। কিছু চুক্তিভিত্তিক নিয়োগও হবে। আমাদের লক্ষ্য ১ লক্ষ নিয়োগ করব। ডিসেম্বরে ১ হাজার ৩৩১ জনের নিয়োগপত্র দেব। ২৬ হাজারের চাকরি হারানোর পর সুপ্রিম কোর্টের নির্দেশে জানুয়ারির মধ্যে দফায় দফায় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারব।” প্রসঙ্গত, ইতিমধ্যেই বিজেপি সরকার কয়েকশো পদে নিয়োগ করেছে।
